আদালত অবমাননার অভিযোগে সাবেক সচিব মোহাম্মদ আসাফউদ্দৌলার বিরুদ্ধে আগামী সোমবার আদেশ দেবেন আদালত।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই দিন ধার্য করেন।এর আগে শুনানিকালে আসাফউদ্দৌলা আদালতের নির্দেশে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।আজ বেলা সোয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত আদালতে শুনানি অনুষ্ঠিত হয়ে বিরতি দেওয়া হয়। পরে আবার বেলা আড়াইটা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়। তাঁর পক্ষে আইনজীবী আজমালুল হোসেন কিউসি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আবেদন করেন।চলতি মাসের ৯ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে (স্যুয়োমোটো) এ রুল জারি করেছিলেন।একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে কেন আসাফউদ্দৌলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না—তাও সাত দিনের মধ্যে জানাতে বলা হয়।জানা গেছে, ‘আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন আসাফউদ্দৌলা’ শিরোনামে ৭ আগস্ট একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, জাতীয় প্রেসক্লাবে মুক্তি আন্দোলন নামে একটি সংগঠনের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন আসাফউদ্দৌলাহ।অনুষ্ঠানে তিনি আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এখনো উচ্চ আদালতে মামলার জন্য আইনজীবীদের নিরপেক্ষ কোর্ট খুঁজতে হয়। আইনজীবীদের কালো কোট ও কালো গাউন কেন হবে, এমন প্রশ্নও ছিল তাঁর। বাংলাদেশের প্রেক্ষাপটে আইনজীবীদের অন্য পোশাক হতে পারে। বিচারপতিদের দেবতুল্য মনে না করার আহ্বান জানিয়ে আসাফউদ্দৌলাহ বলেন, কোনো বিচারক ঘুষ নিলে কেন তা বলা যাবে না। এটা বললে কেন আদালত অবমাননা হবে, তা তাঁর বোধগম্য নয়।৯ আগস্ট প্রতিবেদনটি আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আলী আহমেদ। তিনি বলেন, উচ্চ আদালত জনগণের আস্থা ও বিশ্বাসের আশ্রয়স্থল। আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন করে এমন বক্তব্য দেওয়া ঠিক নয়। এতে জনমনে আদালত সম্পর্কে বিরূপ ধারণা হতে পারে। আসাফউদ্দোলার বক্তব্য আদালত অবমাননার শামিল।শুনানির পর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ওই রুল জারি করেন। একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য অ্যামিকাস কিউরি (আইনি সহায়তাকারী) হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, আবদুর রব চৌধুরী, এ এফ এম মেজবাহউদ্দিন, আনিসুল হক, আবদুল মতিন খসরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক এম বদরুদ্দোজাসহ ১৩ জনের নাম ঘোষণা করেন।