আসাফউদ্দৌল্লাহর প্রতি আদালত অবমাননার রুল জারি
সাবেক সচিব মোহাম্মদ আসাফউদ্দৌল্লাহর প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাত দিনের মধ্যে জানাতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ১৯ আগস্ট তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে এ রুল জারি করেন। ৭ আগস্ট ‘আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন আসাফউদ্দৌল্লাহ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনটি আদালতের দৃষ্টিতে দেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আলী আহমেদ খোকন। তিনি বলেন, আসাফউদ্দৌল্লাহ যে ধরনের বক্তব্য দিয়েছেন, তা আদালত অবমানননার শামিল। তাঁর বক্তব্যে উচ্চ আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।এর পরিপ্রেক্ষিতে আদালত স্বপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন।