আসাম নিয়ে উসকানি, কঠোর হলো নয়াদিল্লি
ভারতের আসাম রাজ্যে চলমান সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও টুইটারে থাকা উসকানিমূলক বক্তব্য মুছে ফেলতে বলেছে নয়াদিল্লি। সরকারের আশঙ্কা, ফেসবুক-টুইটারে প্রকাশিত উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে কয়েক সপ্তাহ ধরে চলমান এই সহিংসতা আরও বেড়ে যেতে পারে। গতকাল মঙ্গলবার সরকার এক বিবৃতিতে জানায়, উসকানি ছড়াতে পারে, এমন ছবি ও ভিডিওযুক্ত ২৪৫টি ওয়েবপেজ সরকার ব্লক করে দিয়েছে। দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে প্রচুর পরিমাণে উসকানিমূলক ও ক্ষতিকর উপাদান ছড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আল-জাজিরা অনলাইনকে বলেন, সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাসী। এখানে কোনো কিছু সেন্সর করার প্রশ্নই ওঠে না। কেবল উসকানিমূলক তথ্য প্রচারের জন্য দায়ী ব্যক্তিদেরই সরকার চিহ্নিত করার চেষ্টা করছে। ওয়েবসাইটগুলো সরকারের অনুরোধে সাড়া দিয়ে উসকানিমূলক উপাদানগুলো যদি পুরোপুরি সরিয়ে না নেয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ভারতের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আর চন্দ্রশেখর। সিএনএন-আইবিএন টেলিভিশনকে তিনি বলেন, ফেসবুক সরকারের এই অনুরোধে বেশ ভালোভাবেই সাড়া দিয়েছে। তবে এ ব্যাপারে টুইটারের পদক্ষেপ বেশ হতাশাজনক। উসকানিমূলক বক্তব্য-সংবলিত উপাদানগুলো সরিয়ে না নিলে টুইটারকে আইনের মুখোমুখি হতে হবে বলে ভারত সরকার ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে। তবে এ ব্যাপারে তাত্ক্ষণিকভাবে টুইটার কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। চীন, মিয়ানমার, বাংলাদেশ ও ভুটান দিয়ে ঘেরা আসামে দুই শতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী ও উপজাতি বাস করে। এখানকার আদিবাসী বোরোদের সঙ্গে মুসলমানদের দফায় দফায় সহিংসতায় এ পর্যন্ত ৮০ জন নিহত হয়েছে।