আসামি ও রাষ্ট্রপক্ষের প্রতি ট্রাইব্যুনালের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার আসামি পক্ষের যুক্তি উপস্থাপন হয়নি। এ ছাড়া বেলা দুইটায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ হবে। এদিকে, আজ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ—উভয়ের ওপরই অসন্তুষ্টি প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই (আরেক সদস্য উপস্থিত ছিলেন না) সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী বলেন, মামলার কিছু কাগজপত্র নেই। এ সময় আসামি পক্ষের আইনজীবী ফরিদউদ্দিন খান বলেন, আসামি পক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক আজ দেশে ফিরবেন। এ জন্য তিনি কাদের মোল্লার বিরুদ্ধে মামলার কার্যক্রম মুলতবি রাখতে বলেন। ট্রাইব্যুনাল দুই পক্ষের ওপরই অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, বারবার এভাবে মামলার কার্যক্রম মুলতবি করা হচ্ছে। বেলা দুইটার মধ্যে ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ হয়ে গেলে মানুষের কাছে কী বার্তা যাবে? এ ছাড়া রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী উপস্থিত না থাকায় সাঈদীর বিরুদ্ধে মামলার কার্যক্রম আজ বেলা দুইটা পর্যন্ত মুলতবি করা হয়।