আসামি গ্রেপ্তার হয়নি, আতঙ্কে লোকমানের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যার পর আট দিন পার হয়েছে। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হননি। অভিযোগ রয়েছে, মামলার আসামিদের গ্রেপ্তার করার চেয়ে বিএনপির নেতা খায়রুল কবির খোকনকে নিয়ে বেশি সচেষ্ট রয়েছে পুলিশ। কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন লোকমান হত্যা মামলার বাদী ও তাঁর ছোট ভাই কামরুজ্জামান। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, লোকমান হত্যার প্রধান আসামি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ভাই সালাউদ্দিন আহমেদ। পুলিশ এখনো তাঁকে বা অন্য কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এ কারণে লোকমানের পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নরসিংদী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি, কয়েক দিনের মধ্যে আসামি গ্রেপ্তার করা সম্ভব হবে।’স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন, লোকমান হোসেন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীরা যে দলেরই হোক না কেন ধরা পড়বেই।এই ঘটনায় খায়রুল কবিরকে গ্রেপ্তার করা নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, ‘যারা সরকারকে দোষারোপ করছে, তা অন্যায়ভাবে করছে। কাকে ধরবে বা কাকে ধরবে না, সেটা যারা মামলা তদারক করছে, তাদের বিষয়।’এদিকে নরসিংদীর বিচারিক হাকিম আদালত গতকাল খায়রুল কবির খোকনকে লোকমান হত্যায় জড়িত থাকার অভিযোগ থেকে অব্যাহতি ও জামিনে মুক্তির আদেশ দেন। এরপর পুলিশ তাঁকে অন্য দুটি মামলায় গ্রেপ্তার দেখায়। মামলা দুটি হলো লোকমান হত্যার পর নরসিংদী রেলস্টেশন ও সার্কিট হাউস ভাঙচুরের মামলা। এই দুই মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। খায়রুল কবিরের স্ত্রী ও বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা সাংবাদিকদের বলেন, ‘মামলার এজাহারভুক্ত আসামিদের ধরার কোনো উদ্যোগ নেই। আসামিরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সরকার ব্যস্ত খোকনকে ফাঁসানোর কাজে।’ লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর ভাই কামরুজ্জামান যে মামলা করেছেন, তাতে আসামির তালিকায় খায়রুল কবিরের নাম নেই। এজাহারভুক্ত ১৪ আসামির ১২ জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী। এর মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ভাই সালাউদ্দিনও রয়েছেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘এখন এটা দিবালোকের মতো স্পষ্ট এই হত্যাকাণ্ডের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের সরাসরি যোগাযোগ রয়েছে। এই কারণে মামলা ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে।’গত ১ নভেম্বর রাতে নরসিংদী শহরে দলীয় কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে খুন হন আওয়ামী লীগের নেতা ও মেয়র লোকমান হোসেন (৪২)। ওই রাতেই পুলিশ ঢাকার বাসা থেকে বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলার সভাপতি খায়রুল কবিরকে গ্রেপ্তার করে। পরদিনই তাঁকে আদালতে হাজির করে লোকমান হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। গতকাল বুধবার নরসিংদীর বিচারিক হাকিমের আদালতে ওই রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে হাকিম নিতাই চন্দ্র সাহা রিমান্ডের আবেদন নামঞ্জুর ও খায়রুল কবিরকে জামিনের আদেশ দেন।আইনজীবীরা জানান, এরপর পুলিশ নতুন করে আরও দুটি মামলায় খায়রুল কবিরকে গ্রেপ্তার দেখায়। এই ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। খায়রুল কবিরের আইনজীবী ও বিএনপির কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, সরকার যখন ৫৪ ধারায় গ্রেপ্তার দেখাল, তখন বলেছিল লোকমান হোসেনের হত্যার সঙ্গে খোকন জড়িত। কিন্তু তা আদালতে প্রমাণে ব্যর্থ হয়ে এখন তাঁকে ফাঁসাতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে।নতুন যে দুটি মামলায় খোকন গ্রেপ্তার: মেয়র লোকমান নিহত হওয়ার পর ওই রাতেই তাঁর হাজার হাজার সমর্থক ও দলীয় কর্মী বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা প্রথমে নরসিংদী সার্কিট হাউস ও পরে রেলওয়ে স্টেশনে ভাঙচুর করেন। পরদিন সকালে তাঁরা এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে আগুন দেন। আগুনে ট্রেনের নয়টি কামরা পুড়ে যায়।ঘটনার দুই দিন পর নরসিংদী রেলওয়ে স্টেশনমাস্টার মরণচন্দ্র দাস বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় ট্রেন পোড়ানো ও স্টেশন ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা করেন। মামলা দুটির প্রতিটিতে ৫০০ থেকে ৬০০ জন অজ্ঞাতনামা লোককে আসামি করা হয়। আর সার্কিট হাউস ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসকের ভারপ্রাপ্ত নাজির শাহরিয়ার আহমেদ বাদী হয়ে ৭ নভেম্বর একটি মামলা করেন। মামলার এজাহারে আসামি হিসেবে সার্কিট হাউসসংলগ্ন এলাকার দোকানদার শামীম ওরফে জসিম, সাদ্দাম হোসেন ও পরাগ মিয়া নামে তিনজনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও ৫০০ থেকে ৬০০ জন অজ্ঞাতনামা আসামির কথা বলা হয়। এর মধ্যে রেলওয়ে স্টেশন ও সার্কিট হাউস ভাঙচুর মামলায় গতকাল বিএনপি নেতা খায়রুল কবিরকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ঘটনার সময় খায়রুল কবির ছিলেন ঢাকায়, তিনি কী করে স্টেশন ভাঙচুরে জড়িত—এই প্রশ্নের জবাবে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোর কাছে দাবি করেন, ‘তদন্তে খোকনের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’ রেলওয়ে স্টেশন ভাঙচুর মামলায় ইতিমধ্যে আরও ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন, সজীব দাস, মো. সোহেল, তৌহিদ সরকার, জাহেদুল ইসলাম ও সাজ্জাদ হোসেন। তাঁদের প্রত্যেকের বাড়ি শহরের বোয়াকুড় মহল্লায়। অনুসন্ধানে জানা গেছে, তাঁরা সবাই মাদকাসক্ত। পেশায় তাঁরা মাদক ও মুদি ব্যবসায়ী। তাঁরা সাংবাদিকদের বলেছেন, গ্রেপ্তারের সময়ও তাঁরা জানতেন না কেন তাঁদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। পরে জানতে পেরেছেন, তাঁরা স্টেশন ভাঙচুরের মামলার আসামি হয়েছেন। ভৈরব রেলওয়ে থানার ওসি আবুল খায়ের বলেন, এই ছয়জনকে ঘটনার দিন নরসিংদী মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে। তাঁর দাবি, এঁরা সবাই রেলওয়ে স্টেশন ভাঙচুরের সঙ্গে জড়িত ছিল।ট্রেন পোড়ানোর মামলায় গ্রেপ্তার নেই: লোকমান হত্যার পরদিন থেকে জেলা ছাত্রলীগের ডাকা ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচির প্রথম দিন আন্তনগর এগারসিন্দুর ট্রেনের নয়টি কামরা পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ঘটনার দুই দিন পর ভৈরব রেলওয়ে থানায় মামলা হয়। এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।