আসামি গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় পেল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইডেন কলেজের ছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপ মামলার আসামি মনির ও মাসুমকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে আবার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গ্রেপ্তারের কাজে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে র‌্যাবের মহাপরিচালক ও গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এই আদেশ দেন। আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসানের দেওয়া বক্তব্যের পর আদালত এই সময় বেঁধে দেন। তদন্ত কর্মকর্তার উদ্দেশে আদালত বলেন, ৪৮ ঘণ্টা সময় দেওয়া হচ্ছে। তবে পরবর্তী সময়ে একই ধরনের কোনো বক্তব্য শোনা হবে না।ফৌজদারি কার্যবিধিতে করা এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০ জানুয়ারি রুল জারির পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের একই বেঞ্চ। গতকাল বেলা পৌনে একটার দিকে আদালত এর অগ্রগতি জানতে চান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার এ-সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। তিনি বলেন, এখনো আসামিরা গ্রেপ্তার হয়নি। তবে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারে। এ কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। নির্দেশক্রমে মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার পরিদর্শক মো. আবুল হাসান কিছু সময় পরে আদালতে হাজির হন। তিনি আদালতে বলেন, আসামিদের গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে। আদালত জানতে চান, সীমান্ত বন্ধ করা হয়েছে কি না। জবাবে আবুল হাসান বলেন, সবখানে চিঠি দেওয়া হয়েছে। গ্রেপ্তারের বার্তা থানাগুলোতেও পাঠানো হয়েছে। আদালত জানতে চান, কোনো ধরনের চাপ আছে কি না। তদন্ত কর্মকর্তা জবাবে বলেন, কোনো ধরনের চাপ নেই। অ্যাসিড নিক্ষেপের প্রধান আসামি মনির গ্রেপ্তার না হওয়ায় ২০ জানুয়ারি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে জনস্বার্থে মনজিল মোরসেদ আবেদনটি করেন। ১৫ জানুয়ারি রাজধানীর চানখাঁরপুলের এক কাজি অফিসে ইডেনের ওই ছাত্রীকে অ্যাসিডদগ্ধ ও ছুরিকাঘাত করা হয়। বিয়েতে রাজি না হওয়ায় মনির নামের এক যুবক তাঁর বন্ধু মাসুমকে নিয়ে এ ঘটনা ঘটান বলে অভিযোগ রয়েছে।