আসামি ছেলেকে লন্ডন পাঠিয়ে মামলা প্রত্যাহার দাবি মায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুকুর লেলিয়ে হিমাদ্রী মজুমদারকে হত্যা মামলার মূল আসামি জুনায়েদ আহমেদের মা রেহেনা আক্তার এবং অপর আসামি মাহবুব আলীর মা আনোয়ারা আহমেদ গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে পুলিশি প্রহরায় সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তাঁরা মামলা প্রত্যাহারের দাবি জানান। সংবাদ সম্মেলন চলাকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে রেহেনা আক্তারসহ আসামিদের ঘনিষ্ঠ স্বজনদের আটকের দাবি জানিয়েছেন মাদকবিরোধী সংগঠন শিকড় ও হিমাদ্রীর সহপাঠীরা। সংবাদ সম্মেলনে জুনায়েদের মা রেহেনা আক্তার বলেন, জুনায়েদ লন্ডন চলে গেছেন। তবে মামলার ২ নম্বর আসামি জুনায়েদের বাবা শাহ সেলিম দেশেই আছেন। মূলত রেহেনা আক্তারই বক্তব্য তুলে ধরেন। এদিকে, পুলিশ বলেছে, জুনায়েদ লন্ডন চলে গেছেন বলে তাঁর মা যে দাবি করেছেন, তার সঙ্গে তাদের পাওয়া তথ্যের মিল নেই। তারা খোঁজখবর নিয়ে জুনায়েদের বিদেশে যাওয়ার বিষয়ে তথ্য পায়নি। জুনায়েদের বাবা শাহ সেলিম দেশেই আছেন বলে রেহেনা আক্তার জানালেও শাহ সেলিমকে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না, সে বিষয়েও পুলিশ কোনো সদুত্তর দিতে পারেনি। গতকাল সংবাদ সম্মেলনে রেহেনা আক্তার বলেন, ‘জুনায়েদ ঢাকা বিমানবন্দর হয়ে লন্ডন চলে গেছে। আমার স্বামী নিশ্চয় বাংলাদেশে আছেন।’ স্বামীর সঙ্গে তাঁর যোগাযোগ আছে কি না—সাংবাদিকেরা তা জানতে চাইলে তিনি সে প্রশ্নের জবাব এড়িয়ে যান। স্ববিরোধী বক্তব্য: সংবাদ সম্মেলনজুড়ে রেহেনা আক্তারের বক্তব্য ছিল স্ববিরোধী। তিনি বলেন, ‘হিমাদ্রী হত্যাকাণ্ডে আমরা দোষীদের শাস্তি চাই। একই সঙ্গে মামলা প্রত্যাহার চাই।’ মামলা প্রত্যাহার চাইলে দোষীরা কীভাবে শাস্তি পাবে—এমন প্রশ্নে তিনি আর কিছু বলতে পারেননি। লিখিত বক্তব্যে রেহেনা আক্তার বলেন, তাঁর আঙিনায় হিমাদ্রী যখন পড়ে ছিলেন, তখন বাড়িতে তিনি ছাড়া অন্য কেউ ছিল না। বাড়ির পুরুষ সদস্যরা সবাই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিল। তাঁর দাবি, জুনায়েদ তখন বাড়িতে ছিলেন না। অথচ ঘটনায় জুনায়েদ জড়িত নন এমন দাবিও তিনি করেননি। রেহেনা আক্তার বলেন, হিমাদ্রীকে আঙিনা থেকে তুলে তাঁকে হাসপাতালে ভর্তি করান তাঁর স্বামী শাহ সেলিম। তিনি রক্ত জোগাড় করা থেকে মৃত্যু পর্যন্ত চিকিৎসার ‘লাখ লাখ টাকা’ ব্যয় করেন। এমনকি চট্টগ্রামে লাশ আনার ব্যবস্থাও করেন তিনি। এর পরও তাঁকে আসামি করা হয়েছে। তবে তাঁর ছেলে জুনায়েদ এই ঘটনায় সম্পৃক্ত নন বলে তিনি দাবি করেননি। অথচ আসামিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। হিমাদ্রীর চিকিৎসায় কেন এত টাকা খরচ করা হলো জানতে চাইলে রেহেনা বলেন, যেহেতু তাঁর আঙিনায় হিমাদ্রীকে পাওয়া গেছে, তাই তাঁর স্বামী এই ব্যয়ভার বহন করেছেন। সংবাদ সম্মেলনে মামলার অপর আসামি মাহবুব আলীর মা আনোয়ারা আহমেদ দাবি করেন, ঘটনার ১৫ দিন পর থেকে তাঁর সঙ্গে মাহবুবের যোগাযোগ নেই। এ সময় মঞ্চে শাহ সেলিমের বন্ধু ফয়জুল্লাহ চৌধুরী এবং জুনায়েদের দুই শিক্ষক সাজেদুল আজাদ চৌধুরী ও মো. শাহেদ শরীফও ছিলেন। তাঁরা প্রশ্নোত্তরের এক পর্যায়ে উঠে চলে যান। সংবাদ সম্মেলন শেষেও এই তিনজনকে আশপাশে দেখা যায়নি। পুলিশের বক্তব্য: চট্টগ্রামের পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা জুনায়েদের পাসপোর্ট নম্বর দিয়ে বিভিন্ন বিমানবন্দরে তল্লাশি করেছি। তাতে তাঁর বিদেশে যাওয়ার বিষয়ে তথ্য পাইনি। এ ছাড়া বিমানবন্দর ও স্থলবন্দরে অভিবাসন পুলিশের মাধ্যমে আসামিদের তথ্য পাঠিয়েছি। তাঁদের গ্রেপ্তারে অভিযানও চলছে।’ শাহ সেলিম দেশেই আছেন বলে রেহেনা আক্তার যে দাবি করেছেন, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশ কমিশনার দাবি করেন, কয়েক বছর ধরে জুনায়েদের মায়ের সঙ্গে তাঁর বাবার (শাহ সেলিম) সম্পর্ক নেই। তিনি বলেন, ‘যে মহিলা সংবাদ সম্মেলন করেছেন তাঁর সঙ্গে শাহ সেলিমের কয়েক বছর ধরে সম্পর্কও নেই। সে কী বলল না বলল সেটা গুরুত্বপূর্ণ নয়।’ তবে এ বিষয়ে জানতে চাইলে রেহেনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক অবশ্যই আছে। আমাকে কিছু জায়গাজমির বিষয়ে ঢাকায় আসা-যাওয়ায় থাকতে হয়। এ জন্য হয়তো লোকে এটা রটাচ্ছে। আমি স্থায়ীভাবে পাঁচলাইশের বাসায় থাকি।’সংবাদ সম্মেলনস্থলে পুলিশি প্রহরার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার উপপরিদর্শক জামশেদ আলী প্রথম আলোকে বলেন, প্রেসক্লাবের বাইরে মানববন্ধন চলছিল। এ কারণে সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। তা ঠেকাতেই পুলিশ ছিল। মানববন্ধন: এদিকে গতকাল মাদকবিরোধী সংগঠন শিকড়ের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক জাওইদ আলী চৌধুরী বলেন, ‘মামলার মূল আসামি হচ্ছেন জুনায়েদ ও তাঁর বাবা শাহ সেলিম। রেহেনা আক্তারকে আটক করলে আসামিদের খোঁজ পাওয়া যাবে। তাঁর সঙ্গে আসামিদের যোগাযোগ রয়েছে।’ সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসমাইল বলেন, ‘মামলা দায়েরের পর এত দিন তাঁরা পলাতক রয়েছেন। এখন নিশ্চয় কোনো দিক থেকে আটক না হওয়ার আশ্বাস পেয়েছেন, তাই সামনে এসেছেন। আমরা আসামির স্বজনদের আটক করার দাবি জানাচ্ছি।’ সংবাদ সম্মেলন সম্পর্কে হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার বলেন, ‘তাঁরা সংবাদ সম্মেলন করলে আমাদের কী বলার আছে। বিষয়টা পুলিশ তো জানে। আর পুলিশ আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।’ প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল হিমাদ্রীকে পাঁচলাইশের একটি ভবনের ছাদ থেকে কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর ২৩ মে তিনি মারা যান। ঘটনার পর হিমাদ্রীর বাবা পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। মারা যাওয়ার পরদিন গত ২৪ মে তাঁর মামা অসিত দাশ বাদী হয়ে একই থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় শাহাদাত হোসেন নামের এক আসামি গ্রেপ্তার হয়েছেন। বাকিরা সবাই পলাতক।