সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, সাবেক চিফ হুইপ ও বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জাতীয় সংসদের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার (বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা) বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় দুদকের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান ও উপসহকারী পরিচালক এস এম খবীরউদ্দিন বাদী হয়ে এসব মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন প্রথম আলোকে জানান, মামলাগুলোর নম্বর ৪৭ থেকে ৫১।বিদেশে চিকিৎসার জন্য অবৈধ উপায়ে সরকারি অর্থ অনুমোদন করে আত্মসাৎ, সরকারি বাসভবনের আসবাব আত্মসাৎ ও গ্যাস-বিদ্যুৎ বিল বাবদ অতিরিক্ত অর্থ উত্তোলন করে আত্মসাতের অভিযোগে দুদক এসব মামলা করেছে। বিএনপির সাংসদ জমির উদ্দিন সরকার পাঁচটি মামলারই আসামি। খোন্দকার দেলোয়ার তিনটি, আখতার হামিদ সিদ্দিকী একটি এবং সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলাম দুটি মামলার আসামি।চিকিৎসার নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে করা দুটি মামলার বাদী এস এম খবীরউদ্দিন। এ মামলার প্রধান আসামি জমির উদ্দিন সরকার। অভিযোগে বলা হয়, আখতার হামিদ সিদ্দিকীকে এক লাখ ২১ হাজার ৭০৩ টাকা ৫৯ পয়সা অবৈধ উপায়ে অনুমোদন করিয়ে দেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার। সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদের ২০০৮ সালের ৬ থেকে ১৬ জানুয়ারি মস্কো এবং ১৭ থেকে ২৫ জানুয়ারি লন্ডনে ব্যক্তিগত খরচে ভ্রমণের অনুমতি ছিল। কিন্তু তিনি ফিরে এসে ওই পরিমাণ অর্থ সরকারি খাত থেকে দেওয়ার অনুরোধ জানান। তখন জমির উদ্দিন সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন না নিয়ে এবং জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ লঙ্ঘন করে ওই বছরের ২৫ ফেব্রুয়ারি (ভাউচার নং ৭৯৫৩) সেই বিল পাস করিয়ে আখতার হামিদকে ওই অর্থ সরকারি খাত থেকে তুলে দেন। আরেকটি মামলায় বলা হয়, খোন্দকার দেলোয়ার ২০০৬ সালের ২১ জুলাই সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখান থেকে ফিরে এসে ১০ লাখ টাকা অনুমোদনের জন্যে সরকারের কাছে অনুরোধ জানান। এ ক্ষেত্রেও জমির উদ্দিন সরকার একই উপায়ে কারও অনুমতি না নিয়ে ওই বছরের ১৭ আগস্ট (ভাউচার নং ৫৪১) বিল পাস করিয়ে দেলোয়ার হোসেনকে ছয় লাখ টাকা সরকারি তহবিল থেকে তুলে দেন। এ মামলায় সংসদের তৎকালীন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।তৃতীয় মামলায় বাদী দুদকের মো. মনিরুজ্জামান। এ মামলায় বলা হয়, জমির উদ্দিন সরকার নিজে ২০০৬ সালের ১৪-২০ জানুয়ারি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান হূদরোগের চিকিৎসার জন্য। সেখান থেকে ফিরে ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকার বিল জমা দেন। পরে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার যোগসাজশে সাবেক স্পিকার নিজ নামে (ভাউচার নং ৪৮৬৯) ওই অর্থ পাস করিয়ে নেন।গ্যাস-বিদ্যুৎ বিল বাবদ অতিরিক্ত অর্থ তোলার মামলায় খোন্দকার দেলোয়ার হোসেন ও জমির উদ্দিন সরকারকে আসামি করা হয়েছে। দুদকের প্রতিবেদন অনুযায়ী খোন্দকার দেলোয়ার তাঁর বাসভবনের দ্বিতীয় তলায় পূর্ব ও পশ্চিম পাশের দুটি বৈদ্যুতিক মিটার ৭৩২৭ ও ৭৩৩২-এর মাধ্যমে অতিরিক্ত বিল দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। মোট ১০টি হিসাবের বিপরীতে তাঁর প্রাপ্য বিল ছিল ৪৬ হাজার ৬৩৮ টাকা। কিন্তু তিনি বিল তোলেন তিন লাখ ৫৬ হাজার ৪৩৮ টাকা। একইভাবে জমির উদ্দিন সরকার প্রাপ্য ২৯ হাজার ৭০০ টাকার জায়গায় ৮৩ হাজার ৬৫০ টাকা তোলেন। দুজনে মিলে মোট চার লাখ ৪০ হাজার ৮৭ টাকা ৫০ পয়সা অতিরিক্ত সরকারি অর্থ তুলে আত্মসাৎ করেছেন। এ মামলার বাদী এস এম খবীরউদ্দিন।সরকারি বাসভবনের আসবাব আত্মসাতের মামলার বাদী মো. মনিরুজ্জামান। জমির উদ্দিন সরকার ও খোন্দকার দেলোয়ার উভয়ে সরকারি বাসভবনের ডাইনিং টেবিল, চেয়ার, পর্দা, কম্পিউটার টেবিলসহ বিভিন্ন আসবাব নিজ বাসভবনে নিয়ে গেছেন, যার মূল্য ছয় লাখ নয় হাজার ৬৬২ টাকা।