আসামি তারেক ও তিন সাক্ষীর জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন খতিবেরহাটে দুই শিশুসন্তানসহ মাকে খুনের ঘটনায় একমাত্র আসামি তারেক চৌধুরীসহ চারজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গত শুক্রবার চট্টগ্রাম মহানগর হাকিম আলী মনসুর তাঁদের জবানবন্দি গ্রহণ করেন।এদিকে আসামি তারেক চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ মঙ্গলবার মহানগর হাকিম আদালতে রিমান্ড শুনানি হতে পারে বলে জানা গেছে। আদালত সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে একমাত্র আসামি ছাড়াও মামলার গুরুত্বপূর্ণ তিন সাক্ষী হাতুড়ে চিকিৎসক নাসিরউদ্দিন, তারেকের জেঠাতো ভাই ফাহিম আশরাফ চৌধুরী ও জেঠাতো ভাইয়ের বাসার কাজের মেয়ে মিতু আক্তার ১৬৪ ধারায় ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দেন। প্রসঙ্গত, ২৩ অক্টোবর সন্ধ্যায় দুই শিশুসন্তান আলভি, পায়েলসহ ডলি আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। খতিবেরহাট এলাকার মা-মণি ভিলা নামের পাঁচতলার বাসায় এই নৃশংস খুনের ঘটনা ঘটে। গৃহশিক্ষক তারেক চৌধুরী গত শুক্রবার এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন আদালতে। আদালত সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর শহরতলিতে অক্সিজেনের অদূরে ওষুধ বিক্রির দোকানে তারেকের কাটা আঙুল সেলাই করেন হাতুড়ে চিকিৎসক নাসিরউদ্দিন। আদালতে সেই ঘটনার বর্ণনা দেন হাতুড়ে চিকিৎসক। এরপর তারেক অক্সিজেন এলাকায় জেঠাতো ভাইয়ের বাসায় যান। সেখানে জেঠাতো ভাই ফাহিম আশরাফ চৌধুরী দরজা খুলে দেন। পরে কাজের মেয়ে মিতু আক্তার তাঁর রক্তমাখা কাপড় ধুয়ে দেন। ফাহিম কখন দরজা খুলে দিয়েছেন এবং মিতু কখন কাপড় ধুয়ে দিয়েছেন, তাঁরা দুজনই এর বর্ণনা দেন আদালতে। পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার মো. মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘আক্রোশ থেকে তারেক চৌধুরী ডলি আক্তার ও তাঁর দুই শিশুসন্তানকে খুন করেন। কারণ, টিউশনি বাবদ মাসিক টাকা থেকে তারেককে ৫০০ টাকা করে কম দেওয়া হতো। এ ছাড়া বাচ্চা পড়ানোর সময় ডলি তাঁর ওপর খবরদারি করতেন। এসব থেকে ক্ষোভের জন্ম হয় বলে তারেক দাবি করেছেন। এসবের বর্ণনা তারেক ১৬৪ ধারায় দিয়েছেন। ডলি আক্তারের মুঠোফোনসেট চুরি করা তারেকের উদ্দেশ্য ছিল। তবুও তারেকের কিছু বক্তব্য নিয়ে আমাদের খটকা লেগেছে। তাই তারেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার প্রয়োজন মনে করছি।’