আসামি ধরতে গিয়ে এসআই নিহত
সিলেটের গোয়াইনঘাটে অভিযানে গিয়ে গ্রামবাসীর হামলায় নিহত হয়েছেন গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৫২)। আহত হয়েছেন আরেকজন এসআইসহ ১০ পুলিশ সদস্য। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বারকিপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ওই এলাকায় গতকাল মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নারীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার-আতঙ্কে বারকিপুরসহ আশপাশের আরও কয়েকটি গ্রামের বেশির ভাগ পুরুষ এলাকা ছেড়ে চলে গেছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, বিদেশে লোক পাঠানোর ঘটনায় লেনদেন নিয়ে বারকিপুর গ্রামের নজরুল ইসলামের সঙ্গে নাইন্দা হাওর গ্রামের আনোয়ার হোসেনের বিরোধ চলছে বেশ কিছুদিন ধরে। এরই জের ধরে প্রায় এক সপ্তাহ আগে আনোয়ার হোসেন ও তাঁর আত্মীয়দের ৫৪টি গরু লুট করে নেয় নজরুলের পক্ষের লোকজন। পরে গত রোববার নাইন্দা হাওর গ্রামে পুনরায় হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে বারকিপুরের লোকজন। এ ঘটনায় আনোয়ার হোসেনের পক্ষে নাইন্দা হাওর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হোসেন গত সোমবার গোয়াইনঘাট থানায় একটি মামলা করেন।গোয়াইনঘাট থানার এসআই মিজানুর রহমান একদল পুলিশ নিয়ে লুণ্ঠিত গরু উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করতে মঙ্গলবার রাত দেড়টার দিকে বারকিপুর গ্রামে অভিযানে যান। এ সময় লুট হওয়া কয়েকটি গরু এবং কয়েকজন আসামিকে আটক করলে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ অবস্থায় পুলিশ আত্মরক্ষার্থে ৩০-৩৫টি ফাঁকা গুলি ছুড়লে গ্রামবাসী পিছু হটে। এরপর গ্রামের একটি ধানখেতে রক্তাক্ত অবস্থায় এসআই মিজানকে খুঁজে পান পুলিশ সদস্যরা। সহকর্মীরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভোররাত পৌঁনে চারটার দিকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মিজানের পিঠে দেশীয় অস্ত্রসহ সুলপির আঘাত রয়েছে বলে তাঁকে উদ্ধারকারী সহকর্মীরা জানান।গতকাল বেলা ১১টার দিকে নিহতের স্ত্রী সুফিয়া আক্তার ঢাকা থেকে গোয়াইনঘাট থানায় পৌঁছান। দুপুর ১২টায় মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।গ্রামবাসীর হামলায় আরেক এসআই মোহাম্মদ শহিদুল্লাহসহ আরও নয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।নিহত এসআই মিজানের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার শুভারামপুর গ্রামে। দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে স্ত্রী ঢাকায় থাকেন। গতকাল বিকেলে সিলেটের পুলিশ লাইন ময়দানে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, লুট হওয়া গরু উদ্ধার করে কয়েকজনকে আটক করে নিয়ে আসার পথে পেছন থেকে পুলিশের ওপর এ হামলা হয়। প্রথম দিকে পুলিশ ছত্রভঙ্গ হয়ে যার যার মতো করে আত্মরক্ষা করে। পরে পুলিশ গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। ওই সময় মিজানের অচেতন দেহ উদ্ধার করা হয়।ওসি আরও জানান, যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছিল তাঁরাই এ হামলা চালিয়েছে। এ ঘটনায় আহত এসআই শহিদুল্লাহ বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ নারী-পুরুষসহ ২১ জনকে আটক করেছে। লুট হওয়া ৩৪টি গরু উদ্ধার করা হয়েছে।সিলেটের পুলিশ সুপার (এসপি) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে গ্রামবাসী তথ্য দিয়ে সহযোগিতা করবে বলে আমরা আশাবাদী। নিরীহ কাউকে আটক বা গ্রেপ্তার করা হবে না।’মিজান স্ত্রীকে বলেছিলেন, ‘নিশ্চিন্তে ঘুমাও’: ‘আমি ব্যস্ত আছি, পরে কথা বলব।’ মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মুঠোফোনে মিজানের মুখে ‘ব্যস্ত আছি’ শুনে স্ত্রী সুফিয়া আক্তার উদ্বিগ্ন হয়ে পড়েন। স্ত্রীর উদ্বেগের বিষয়টি বুঝতে পেরে মিজান পরক্ষণে আবার ফোন করে স্ত্রীকে বলেন, ‘চিন্তা করো না, পরে কথা বলব। ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও...!’ স্ত্রীর সঙ্গে এ-ই ছিল তাঁর শেষ কথা।গতকাল বিকেলে মিজানের মরদেহ ময়নাতদন্তের জন্য যখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হয়, সুফিয়া তখন হাউমাউ করে কাঁদছিলেন আর বিলাপ করছিলেন, ‘আমারে নিশ্চিন্তে ঘুমাইয়ে কই গেলা রে।’গোয়াইনঘাট থানা সূত্র জানায়, মিজান ১৯৭৮ সালে কনস্টেবল পদ নিয়ে পুলিশে চাকরিজীবন শুরু করেন। ২০১০ সালের ১০ অক্টোবর তিনি জ্যেষ্ঠ উপপরিদর্শক পদে পদোন্নতি পেয়ে গোয়াইনঘাট থানায় যোগ দেন।