সাংবাদিক ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রী রহিমা খানমের হত্যা মামলায় তাঁর ভাগনে নাজিমুজ্জামান ওরফে ইয়নের (৩০) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, আসামি নাজিমুজ্জামানকে আটক করার পর তাঁর কাছ থেকে সাংবাদিক ফরহাদের রক্তমাখা জামাকাপড় ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। একই সঙ্গে তাঁর দেখানো জায়গা থেকে হত্যার কাজে ব্যবহূত রক্তমাখা চাকুটি উদ্ধার করা হয়। প্রতিবেদনে আর বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে হত্যার রহস্য উদঘাটন ও সহযোগীদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে আদালত চার দিন রিমান্ড মঞ্জুর করেন।এর আগে আজ ভোর পাঁচটার দিকে মিরপুর ১ নম্বর মাজার রোডের এক বাসা থেকে ইয়নকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।প্রসঙ্গত, গত শুক্রবার ৭৭ নয়াপল্টনের বাসা থেকে ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রী রহিমা খানমের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফরহাদ খাঁর ভাই পল্টন থানায় মামলা করেন।