আসামি পুলিশের জামিন নিয়ে বাদীর প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলা আদালতের মূল ফটকে যুগ্ম জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. ইমান আলী শেখকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের জামিন বাতিলের জন্য আবেদন করেছেন মামলার বাদী জেলা ও দায়রা জজ আদালতের নাজির রাকিবুল হাসান। গতকাল বৃহস্পতিবার মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ আবেদন করা হয়। আদালত ২২ জুলাই জামিন বাতিল আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।আবেদনে অভিযুক্ত পুলিশ সদস্যদের জামিনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মামলার বাদী।পাশাপাশি জামিনে মুক্তি পাওয়া পুলিশ সদস্যরা মামলা প্রত্যাহার এবং সাক্ষ্য না দেওয়ার জন্য বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন এবং হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।আদালত সূত্র জানায়, গত ১০ জুন নরসিংদী জেলা জজ আদালতের প্রধান ফটকে পুলিশের হাতে নির্যাতনের শিকার হন বিচারক ইমান আলী শেখ। এ ঘটনায় ১১ জুন নাজির রাকিবুল হাসান বাদী হয়ে গোয়েন্দা পুলিশের ওসিসহ চারজনের নাম উল্লেখ করে এবং সাত-আটজনকে অজ্ঞাত উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন এবং জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলামকে দায়িত্ব দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেন। এর পরিপ্রেক্ষিতে ১৯ জুন বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রধান মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।এতে ঘটনার সত্যতা মেলায় মুখ্য বিচারিক হাকিম অভিযুক্ত আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ডিবির ওসিসহ আট পুলিশ সদস্য মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত ডিবির ওসিসহ ১ থেকে ৪ নম্বর আসামির জামিনের আবেদন মঞ্জুর করেন এবং অন্যদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২৮ জুন বাকি চার আসামি জেলা ও দায়রা জজ শাহজাহানের আদালতের মাধ্যমে স্থায়ী জামিন পান।গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলার বাদী রাকিবুল হাসান মুখ্য বিচারিক হাকিমের আদালতে আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। আবেদনে তিনি বলেন, ২৭ জুন ৫ থেকে ৮ নম্বর আসামি জেলা ও দায়রা জজ আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করলে পরদিন আদালত তাঁদের স্থায়ী জামিনে মুক্তি দেন। এমনকি ১৬৯৪/১২ইং ফৌজদারি বিবিধ মোকদ্দমার ওকালতনামায় আইনজীবীদের গৃহীত স্বাক্ষর নেই। পাশাপাশি জামিনে মুক্তি পাওয়া পুলিশ সদস্যরা মামলা প্রত্যাহার ও সাক্ষ্য না দেওয়ার জন্য বাদী ও সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন এবং হুমকি দিচ্ছেন।বাদীপক্ষের আইনজীবী আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ৫ থেকে ৮ নম্বর আসামির জামিনের আবেদনের ওকালতনামায় আইনজীবীদের স্বাক্ষর বা সিলমোহর নেই। পাশাপাশি অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করা হলেও জেলা ও দায়রা জজ তড়িঘড়ি করে আসামি পুলিশ সদস্যদের স্থায়ী জামিন দিয়েছেন।আইনজীবী আশিকুর রহমান প্রশ্ন তোলেন, ওকালতনামায় কোনো আইনজীবীর স্বাক্ষর ও সীলমোহর না থাকলে বিচারক কার জিম্মায় আসামিদের জামিন দিয়েছেন? আগামী তারিখে জামিন বাতিল করা না হলে তাঁরা উচ্চ আদালতে যাবেন।বিবাদীপক্ষের আইনজীবী জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান বলেন, বিষয়টি জানা নেই। কোনো কারণে ওকালতনামায় স্বাক্ষর না করা হয়ে থাকলে তা ভুল হয়েছে। তবে এতে জামিনের প্রক্রিয়ায় আইনগত কোনো ত্রুটি নেই।বাদীর অভিযোগ প্রসঙ্গে প্রধান আসামি জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডল বলেন, বাদী ও সাক্ষীদের হুমকি ও ভয়ভীতির অভিযোগ মিথ্যা।এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল বাসেদ ভূঁইয়া বলেন, ‘ওকালতনামায় আইনজীবীর স্বাক্ষর হয়তো ভুলে দেওয়া হয়নি। তবে আদালত কীভাবে অসম্পূর্ণ কাগজপত্রে জামিনের আবেদন মঞ্জুর করলেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা আদালত ভুল করেছেন।’