আসামি রাজন গ্রেপ্তার হয়নি, আসিফ রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার আসিফ হোসেনকে গতকাল মঙ্গলবার তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার অপর আসামি রাজনকে গ্রেপ্তারের জন্য গত সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাঁকে গ্রেপ্তার করা যায়নি।মিজানুরের পরিবারকে ১০ লাখ টাকা দিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। এদিকে, হত্যাকারীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে গতকালও সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, আসিফকে গতকাল নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা নাটোরের বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে হত্যাচেষ্টার অভিযোগেই মামলা হয়েছিল। কিন্তু মিজানুর রহমান মারা যাওয়ায় এখন মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য আদালতে জানানো হয়েছে। তিনি জানান, আসিফকে গতকাল দুপুরেই বাগাতিপাড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।১০ লাখ টাকা: ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক এ বি এম মামুনুল কবির গতকাল দুপুরে মিজানুরের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার চকলক্ষ্মীপুর গ্রামে গিয়ে তাঁর স্ত্রী রাজিয়া সুলতানার হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় মিজানুরের মা জাহেরা বেগম, লোমানপুর কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, স্থানীয় ডাকরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তমিজ উদ্দিন, মিজানুর রহমানের সহকর্মী ও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।মিজানুর রহমানের মা জাহেরা বেগম এই দুঃসময়ে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য ডাচ্-বাংলা ব্যাংককে ধন্যবাদ জানান। ব্যাংক কর্মকর্তা মামুনুল কবির বলেন, মিজানুর রহমানের শিশুসন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় লোকমানপুর কলেজের রসায়নের প্রভাষক মিজানুর রহমানের ওপর গত ১২ অক্টোবর হামলা চালায় বখাটেরা। গত শনিবার রাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।প্রতিবাদ, মানববন্ধন: মিজানুর রহমানের হত্যাকারীদের শাস্তির দাবিতে দিনাজপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা গতকাল কালো ব্যাজ ধারণ করে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেন। কিশোরগঞ্জের কটিয়াদীতে শোকযাত্রা ও মানববন্ধন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারের সামনে। ফেনীর সোনাগাজী এনায়েত উল্যা মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীর ফেনী-সোনাগাজী সড়কের উপজেলা চত্বরসংলগ্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।ঢাকায় কর্মসূচি: একই দাবিতে গতকাল ঢাকায় মানববন্ধন করেছে জাতীয় যুব জোট। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি রোকনুজ্জামানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সহসভাপতি মির্জা মো. আনোয়ারুল হক, জাহিদ আলম প্রমুখ।[নিজস্ব প্রতিবেদক রাজশাহী ও ফেনী, দিনাজপুর অফিস এবং নাটোর, মৌলভীবাজার ও কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধির তথ্য-সহায়তায় প্রতিবেদনটি তৈরি করা হয়েছে]