নাটোরে কলেজশিক্ষক মিজানুর রহমান হত্যা মামলার পলাতক আসামি রাজনের বাবা মুনছুর রহমানকে পুলিশ আজ ভোররাতের দিকে গ্রেপ্তার করেছে।এ মামলায় গ্রেপ্তার হওয়া অপর আসামি আসিফের বাবা গোলাম রসুলের দায়ের করা একটি নারী অপহরণ মামলায় মুনছুরকে গ্রেপ্তার করা হয়েছে।বাগাতিপাড়া থানা সূত্রে জানা গেছে, ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুরকে হত্যা করার পর থেকে বখাটে যুবক রাজন ও আসিফ আত্মগোপন করে। পরে আসিফ গ্রেপ্তার হলেও রাজনকে গ্রেপ্তার করা যায়নি।এ অবস্থায় আসিফের বাবা গোলাম রসুল গতকাল রাতে থানায় রাজনসহ সাতজনের বিরুদ্ধে নারী অপহরণের একটি মামলা করেন। মামলায় বাদী তাঁর নাবালিকা মেয়ে সুখীকে অপহরণের অভিযোগ করেছেন। পুলিশ রাতে মামলাটি নথিভুক্ত করে এবং আজ ভোররাতের দিকে রাজনের বাবাকে গ্রেপ্তার করে। আসিফ ও রাজন সম্পর্কে শ্যালক-দুলাভাই। মাস তিনেক আগে রাজন আসিফের এক বোনকে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেন। রাজনের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় স্থানীয় তমালতলা কৃষি ও কারিগরি কলেজের ছাত্র দোহাকে হত্যার অভিযোগে মামলার রয়েছে।বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষক হত্যা মামলার অভিযুক্তরা যে বখাটে তা এ মামলার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়।ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটে যুবক রাজন ও আসিফ শিক্ষক মিজানুর রহমানকে হত্যা করে। মিজানুর রহমান নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়নের প্রভাষক ছিলেন। ১২ অক্টোবর তাঁর ওপর হামলা চালায় বখাটেরা। গত শনিবার রাতে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে তিনি মারা যান।