আসামি শিল্পী আবার রিমান্ডে, ছয়জনের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ধর্ষণের শিকার ও দোররার আঘাতে নিহত কিশোরী হেনা আক্তার হত্যা মামলার আসামি শিল্পী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য এবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার বিচারিক হাকিম আবদুল মান্নান গতকাল বৃহস্পতিবার এই রিমান্ড মঞ্জুর করেন।গতকাল একই আদালত হেনা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ছয় আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।প্রসঙ্গত, আসামি শিল্পী বেগম হেনা হত্যা মামলার প্রধান আসামি ও অভিযুক্ত ধর্ষক মাহাবুব খানের স্ত্রী। ধর্ষণের পর শিল্পী ও তাঁর স্বজনেরা মিলে উল্টো হেনাকে মারধর করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি থেকে শিল্পীকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল নড়িয়া থানার পুলিশ।সিআইডি সূত্র জানায়, হেনা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ছয় আসামির মধ্যে মাহাবুব, প্রধান সালিসকারী ও নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস শেখ, সালিসে উপস্থিত জয়নাল মীরমালত ও আলাবক্স করাতী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত তা ১৬৪ ধারায় নথিভুক্ত করেছেন। কিন্তু আসামি শিল্পী ও মসজিদের ইমাম মফিজউদ্দিন এখনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। এরই পরিপ্রেক্ষিতে সিআইডি পুলিশ শিল্পীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।একই সঙ্গে জামিন আবেদনের শুনানির দিন ধার্য থাকায় গতকাল বেলা ১১টার দিকে জেলহাজত থেকে ছয় আসামিকে বিচারিক হাকিম আবদুল মান্নানের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী লুৎ ফর রহমান ঢালী ও সামছুজ্জামান সেকান্দার জামিনের আবেদন করে শুনানিতে অংশ নেন। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফিরোজ আহমেদ এবং রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী রাশিদুল হাসান মাসুম ও রওশন আরা বেগম জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।হেনা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, শিল্পীকে আজ শুক্রবার থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।