আসামি হাফিজকে ঢাকায় নিয়ে জেরা করছে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্রের উত্স, পরিবহনকারী জাহাজের নাম এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা বের করতে এ মামলার প্রধান আসামি হাফিজুর রহমানকে ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে চট্টগ্রাম কারাগার থেকে গতকাল বুধবার ঢাকায় নেয়। সন্ধ্যা থেকে তাঁকে সিআইডির প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন। আদালত সূত্র জানায়, ১০ ট্রাক অস্ত্র চালানের উত্স এবং পরিবহনকারী জাহাজের নাম বের করতে সিআইডি হাফিজকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। এ ব্যাপারে গত ১৪ জানুয়ারি শুনানির পর চট্টগ্রামের হাকিম আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের প্রায় তিন সপ্তাহ পর গতকাল হাফিজকে ঢাকায় নিয়ে যায় সিআইডি।সিআইডির বিশেষ সুপার (এসএস) মোহাম্মদ মুসলিম প্রথম আলোকে বলেন, ১০ ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলায় কয়েকটি তথ্য বের করতে হাফিজকে আবার জেরা করার প্রয়োজন হয়ে পড়ে। এ কারণে তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে।আদালত সূত্র জানায়, হাফিজ গত বছর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে বলা হয়, এই অস্ত্রের চালানটি ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয়। তবে এই অস্ত্র কোন জাহাজে পরিবহন করা হয়েছে এবং কোন দেশ থেকে এসেছে, তা তিনি বলেননি। হাফিজ জবানবন্দিতে এ অস্ত্র চালান আনার সঙ্গে তত্কালীন কয়েকজন উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার জড়িত থাকার কথা প্রকাশ করেন। এরপর সিআইডির তদন্তে আরও তথ্য-প্রমাণ পাওয়া যাওয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। সাহাবউদ্দিনও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে খালাসের সময় ১০ ট্রাক অস্ত্র ধরা পড়ে। এ ঘটনায় দুটি মামলা হয়, একটি অস্ত্র ও অন্যটি চোরাচালান আইনে। উভয় মামলার প্রধান আসামি হাফিজ।