আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যাকাণ্ড মামলায় আসামিদের করা অব্যাহতির আবেদনের শুনানি গতকাল বুধবার শেষ হয়েছে। গতকাল ৪৫২ জন আসামির পক্ষে তাঁদের আইনজীবীরা বক্তব্য তুলে ধরেন। পরে ২০ জুলাই পর্যন্ত আদালত মুলতবি করা হয়।আদালত মুলতবির আগে বিচারক বলেন, আগামী ধার্য দিনে আসামিদের কাছে জানতে চাওয়া হবে, তাঁরা দোষী না নির্দোষ। এরপর অভিযোগ গঠন করা হবে।২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় হত্যাকাণ্ড, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে করা এ মামলার বিচার চলছে ঢাকা আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। বিচারক জহুরুল হক এজলাসে বসেই শুনানি শুরু করেন। শুনানি শেষে বিকেল চারটা ৫৫ মিনিটে আদালত মুলতবি করা হয়।রাষ্ট্রপক্ষ গত ২৩ মে এ মামলার ৮৪৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো শেষ করে। এরপর অব্যাহতির আবেদনের ওপর প্রথম দিনে ১১ জন, দ্বিতীয় দিনে ১৬৯ এবং তৃতীয় দিনে ২১৫ জন আসামির পক্ষে বক্তব্য দেন তাঁদের আইনজীবীরা। গতকাল শেষ দিনে ৪৫২ জন আসামির পক্ষে তাঁদের আইনজীবীরা বক্তব্য দেন।শুনানিকালে আসামি-পক্ষের কয়েকজন আইনজীবী নানা ধরনের বক্তব্য উপস্থাপন করেন। তাঁদের একজন বলেন, অস্ত্র বহনকারী বিদ্রোহীদের সাক্ষী বানিয়ে মামলা তদন্ত করা হয়েছে। পিলখানার ঘটনায় হত্যার পাশাপাশি বিস্ফোরকদ্রব্য মামলা রুজু করা হলেও অস্ত্র আইনে কোনো মামলা রুজু হয়নি। এটা মামলার বড় ধরনের দুর্বলতা। এ মামলা আবার তদন্ত করতে হবে।৪০ জন আসামির আইনজীবী সুলতান মাহমুদ বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনা আগে থেকেই রাজনৈতিক যেসব নেতাকে জানানো হয়েছিল, তাঁদের বিরুদ্ধেও মামলা করা উচিত। একপর্যায়ে তিনি বলেন, প্রসিকিউশন পক্ষেও ক্রিমিনাল রয়েছে। সঙ্গে সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাঁড়িয়ে এ বক্তব্যের প্রতিবাদ জানান। তিনি আরও বলেন, ৮৬ জন জওয়ান এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও তাঁদের আসামি না করে সাক্ষী করা হয়েছে।অন্য ৪০ জন আসামির আইনজীবী ফারুক আহাম্মদ তাঁর মক্কেলদের অব্যাহতির আবেদন জানিয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জবানবন্দিতে বলেছেন, তিনি এক আত্মীয়ের মাধ্যমে বিদ্রোহের খবর পান। পরে প্রধানমন্ত্রীর পাঠানো বুলেটপ্রুফ গাড়িতে করে তিনি পিলখানায় প্রবেশ করেন। এই যদি হয় স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থা, তাহলে একজন বিডিআর সেনার কী হতে পারে?স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ করার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হইচই করেন। ফারুক আরও বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ছাড়াও পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তা আসামিদের জবানবন্দি রেকর্ড করেছেন, এটা বেআইনি।আসামিপক্ষের অপর আইনজীবী শামীম সরদার বলেন, বিদ্রোহের ঘটনার সময় প্রধানমন্ত্রী সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। ওই ঘোষণা অদ্যাবধি প্রত্যাহার করা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, সাধারণ ক্ষমা ঘোষণার পর মামলা করা যায় কি না?আসামিদের আইনজীবী এম জেড ইসলাম, মোস্তফা কামাল ও আতাউর রহমান আদালতকে বলেন, তাঁদের মক্কেলদের বিরুদ্ধেও রাষ্ট্রপক্ষ সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারেনি। ল্যান্স নায়েক ইকরামুল ইসলামের ১৬৪ ধারায় কোনো জবানবন্দি নেই।এসব বক্তব্যের সময় আদালত বারবার আইনজীবীদের সতর্ক করে বলেন, এসব কথা আসামির কোনো কাজে আসবে না।আদালত মুলতবির পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানান, আগামী ধার্য দিনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে।রাষ্ট্রপক্ষের বক্তব্য: আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্যের ব্যাপারে আদালতের কার্যক্রম শেষে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বলেন, যেভাবে অভিযোগপত্র দিলে মামলা ঠিকভাবে চলবে, তদন্ত কর্মকর্তা সেভাবেই অভিযোগপত্র দিয়েছেন। তবে অভিযোগপত্র দাখিলে কোনো দুর্বলতা থাকলে আসামি এর সুবিধা পাবে। তিনি আরও বলেন, আসামিপক্ষের আইনজীবীরা এসব বলতেই পারেন। তাঁরা (রাষ্ট্রপক্ষ) সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই আদালতে আসামিদের অপরাধ প্রমাণ করবেন।মোশাররফ হোসেন কাজল বলেন, ১৬৪ ধারায় জবানবন্দি দিলেই যে আসামি করতে হবে, এমন কোনো বিধান নেই।