রাজধানীর গুলশানে দম্পতি খুনের ঘটনায় আসামিদের জামিন জালিয়াতির অভিযোগে করা মামলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে অগ্রগতির প্রতিবেদন আগামী ১৪ জুলাই এর মধ্যে আদালতে দাখিল করতে ডিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।প্রসঙ্গত, মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত বছরের ২৪ মার্চ গুলশানের কালাচাঁদপুরের ব্যবসায়ী সাদিকুর রহমান ও তাঁর স্ত্রী রুমানা নার্গিসকে রুবেল ও তাঁর বন্ধু মিথুন বাড়িতে গিয়ে গুলি করে হত্যা করেন। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ভুয়া ও বিকৃত তথ্য দিয়ে হাইকোর্ট থেকে জামিন নিয়ে উভয়েই এখন লাপাত্তা।জামিনের আবেদনে অসংগতি ও জালিয়াতির বিষয়টি নজরে আনা হলে এ বছরের ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট তাঁদের জামিন বাতিল করেন।জামিনে জালিয়াতির অভিযোগে ১৫ মে শাহবাগ থানায় নিহত দম্পতির পরিবারের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়। গোয়েন্দা বিভাগের মাধ্যমে এই মামলাটির তদন্তের নির্দেশনা চেয়ে রাষ্ট্রপক্ষ হাইকোর্টে আবেদন করে। এর ওপর শুনানি নিয়ে আদালত আজ আদেশ দেন।