জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাশেষে চার সাংসদের সংবাদ সম্মেলনে মামলার এজাহার নিয়ে প্রশ্ন। বাদীর উদ্বেগ
আসামিদের পক্ষে সাংসদদের সাফাই
নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহার নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারদলীয় স্থানীয় সাংসদ নজরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার নরসিংদী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলন সাংসদ এজাহার নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, ঘাতক ছিল মুখোশ পরা। তাকে চেনা যায়নি। কিন্তু মামলায় অনেকের নাম দেওয়া হয়েছে। এটা বিভ্রান্তিকর। সাংসদ মামলার প্রধান আসামি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ভাই সালাহউদ্দিনের পক্ষেও সাফাই গেয়েছেন। তিনি বলেন, ‘আমি শুধু এমপি হিসাবেই নয়, একজন বিবেকবান মানুষ হিসাবে বলছি, সালাহউদ্দিনকে আমি যত দিন ধরে চিনি, আমার মন কিছুতেই বলছে না, এই ঘটনার (লোকমান হত্যা) সাথে তিনি জড়িত। কারণ ভালো মানুষের ব্যাপারে আমাকে বলতেই হবে।’টেলিযোগাযোগমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) মাসুদুর রহমানও লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর সম্পর্কে সাংসদ বলেন, ‘ঘটনার সময় তিনি ছিলেন দেশের বাইরে।’ লোকমানকে হত্যার ঘটনায় তাঁর ভাই কামরুজ্জামান মন্ত্রীর ভাই ও এপিএসসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন। আসামিদের বেশির ভাগই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। লোকমান হত্যার নয় দিন পরও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এজাহারে অভিযোগ করা হয়, লোকমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আসামিরা পরস্পর যোগসাজশে তাঁকে হত্যা করেছে। এ ছাড়া আসন্ন আওয়ামী লীগের সম্মেলনে জেলা সাধারণ সম্পাদক পদে লোকমান ও মন্ত্রীর ভাই সালাহউদ্দিন পদপ্রার্থী ছিলেন। এ নিয়ে তাঁদের বিরোধ ছিলও বলে এজাহারে উল্লেখ রয়েছে। গতকাল নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হত্যা নিয়ে আলোচনা হয়। বেলা দুইটায় সভা শেষে জেলা প্রশাসক গোলাম আজম বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সম্মেলনকক্ষে ডেকে নেন। তিনি সভায় আলোচনার বিষয়বস্তু নিয়ে সবার পক্ষ থেকে সদর আসনের সাংসদ নজরুল ইসলামের সাংবাদিকদের ব্রিফিং করার কথা জানান। নজরুল ইসলাম বলেন, অনেকে বলছেন, মেয়র লোকমান দলীয় কোন্দলে খুন হয়েছেন। তিনি দলীয় কোন্দলে, রাজনৈতিক কারণে নাকি ব্যক্তিগত কারণে খুন হয়েছেন, সেটা পুলিশ বের করবে। ইতিমধ্যে তদন্তকাজ অনেকটা এগিয়ে নিয়েছে। দু-এক দিনের মধ্যে হয়তো ফল পাওয়া যাবে। তিনি বলেন, ‘এজাহারে বলা হয়েছে, ১১ থেকে ১৪ নম্বর আসামিরা মেয়র লোকমান হোসেনকে গুলি করেছে। তবে আমি এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পেরেছি, মুখোশধারী সন্ত্রাসী ছিল একজন। ওই সন্ত্রাসী আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে মেয়রকে গুলি করেছে। আর লোকমানের দেহে বিদ্ধ বুলেটগুলো ছিল একই পিস্তলের। অথচ মামলার এজাহারে আছে ১১ থেকে ১৪ নম্বর আসামি মেয়রকে গুলি করেছে। এখানে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। এতে করে নরসিংদীবাসীর মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।’নজরুল ইসলাম বলেন, ঈদের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীর চার সাংসদকে ঢাকায় ডেকে নিয়ে লোকমান হত্যার বিষয়টি সম্পর্কে জানতে চান। প্রধানমন্ত্রী বলেছেন, এই বিষয়টি তিনি নিজে দেখবেন। সে অনুযায়ী তিনি পুলিশ সুপারসহ দক্ষ নতুন পুলিশ কর্মকর্তা দিয়েছেন। চলতি বছরে নরসিংদীতে একাধিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। এভাবে চলতে থাকবে কি না—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সাংসদ নজরুল বলেন, ‘পৃথিবীটা অস্থিতিশীল হয়ে পড়েছে। এ ধরনের হত্যাকাণ্ড প্রতিনিয়ত হচ্ছে। যেমন, আমাদের পার্শ্ববর্তী গাজীপুর, নারায়ণগঞ্জ ও ফেনীতে; এমনকি যেদিন লোকমান খুন হন, ওই দিন খুলনায় একজন কাউন্সিলর খুন হয়েছেন। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এখন আমরা সবাই হানাহানিতে মত্ত হয়ে গেছি। তবে আশা করছি, নরসিংদীতে আর এ রকম কিছু ঘটবে না।’সংবাদ সম্মেলনে নরসিংদী-২ আসনের সাংসদ আনোয়ারুল আশ্রাফ খান, নরসিংদী-৩ আসনের সাংসদ জহিরুল হক, জেলা প্রশাসক গোলাম আজম, সদ্য যোগ দেওয়া জেলা পুলিশ সুপার খন্দকার মুহিত উদ্দিনসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে সরকারি দলের সাংসদের এসব বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন মামলার বাদী ও মেয়র লোকমানের ভাই কামরুজ্জামান। তাঁর আশঙ্কা, সাংসদের এমন বক্তব্য তদন্তের ওপর প্রভাব পড়তে পারে। কামরুজ্জামান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘তদন্তাধীন মামলা নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংসদ এমন বক্তব্য দিতে পারেন কি না, এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না, এ প্রশ্ন আপনাদের মাধ্যমে সাংসদের কাছে প্রশ্ন রাখলাম।’ আরেক মামলায় খায়রুল কবিরের জামিন: নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যার পর সার্কিট হাউস ভাঙচুর মামলা থেকে জামিন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ খায়রুল কবির। খায়রুল কবিরের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার নরসিংদীর বিচারিক হাকিম মো. শাহজাহান জামিন মঞ্জুর করেন। এর আগে গত বুধবার লোকমান হত্যার অভিযোগ থেকে আদালত খায়রুলকে অব্যাহতি ও জামিনে মুক্তির আদেশ দেন। ওই দিনই পুলিশ খায়রুলকে সার্কিট হাউসে ভাঙচুর ও রেলওয়ে স্টেশন ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখায়। রেলস্টেশন ভাঙচুর মামলায়ও খায়রুলের জামিন আবেদন করা হয়েছে। খায়রুলের আইনজীবী আবদুল কাদির প্রথম আলোকে বলেন, রেলওয়ে স্টেশন ভাঙচুর মামলার নথি আদালতে এসে পৌঁছাতে বিলম্ব হয়েছে। এই কারণে ওই মামলার শুনানি হয়নি। আগামী রোববার শুনানি হবে। এদিকে আগামী রোববারের মধ্যে সব মামলার জামিন দিয়ে খায়রুল কবিরের মুক্তি দাবি করেছে জেলা বিএনপি। নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অভিযোগ করেন, পুলিশ লোকমান হত্যার এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার না করে বিএনপির নেতা খায়রুল কবিরকে হয়রানি করতে ব্যস্ত রয়েছে।