বিডিআর সদর দপ্তর পিলখানায় হত্যাযজ্ঞ, লাশ গুম, অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গতকাল বুধবার আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলার অভিযোগপত্রও আমলে নেওয়া হয়। আদালত এ দুই মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেছেন আগামী ৩ ফেব্রুয়ারি। ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ তারিখ ধার্য করেন। এর মধ্য দিয়ে ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানার ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে করা দুই মামলার আনুষ্ঠানিক বিচার-প্রক্রিয়া শুরু হলো।রাজধানীর বকশীবাজারে কেন্দ্রীয় কারাগার ও আলিয়া মাদ্রাসাসংলগ্ন নবকুমার ইনস্টিটিউট মাঠে তৈরি অস্থায়ী বিশেষ আদালতে গতকাল এ দুই মামলার বিচারকাজ শুরু হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত আদালত চলে। শুরুতে দায়রা জজ জহুরুল হক বিচারকাজ পরিচালনায় আইনজীবীদের সহায়তা কামনা করে বলেন, ‘এত বেশি আসামি নিয়ে এ ধরনের বিচারকাজ বিশ্বে এই প্রথম। আমি শতভাগ ন্যায়বিচার করার নিশ্চয়তা দিচ্ছি।’হত্যাযজ্ঞ মামলায় আসামির সংখ্যা ৮২৪ জন। অপর মামলায় আসামি ৮০১ জন। আসামিদের মধ্যে ২১ জন পলাতক এবং দুজন মারা গেছেন।আদালত অভিযোগপত্র আমলে নেওয়ার পর হত্যা মামলার আসামি বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু, বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদসহ ৭০ জন জামিনের আবেদন করেন।পিন্টুর পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি আদালতকে বলেন, বিডিআর বিদ্রোহের সময় পিন্টু এলাকায় ছিলেন না। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তাঁকে এ মামলায় জড়ানো হয়েছে।রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি আনিসুল হক জামিনের বিরোধিতা করে বলেন, আসামি পিন্টু বিডিআর বিদ্রোহের ঘটনার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এ ছাড়া আসামিদের পালিয়ে যেতে সহায়তা করেছেন। এটি একটি স্পর্শকাতর মামলা। তাই কারও জামিন দেওয়া ঠিক হবে না।রাষ্ট্রপক্ষের অপর কৌঁসুলি মোশাররফ হোসেন ডিএডি তৌহিদসহ অন্য আসামিদের জামিনের বিরোধিতা করেন।জামিনের আবেদনের ওপর আদেশ পরে দেওয়া হবে বলে আদালত জানান।আসামিদের আইনজীবীরা আদালতে অভিযোগ করেন, আসামিরা মামলার সার্টিফাইড কপি পাচ্ছেন না। এ সময় বিচারক বলেন, সব আসামিকে তা সরবরাহ করা সম্ভবও নয়। কারণ সবাইকে এ কপি দিতে গেলে এক কোটি ৬০ লাখ পৃষ্ঠা ফটোকপি করতে হবে। তবে সার্বিকভাবে সবাই যেন তা পায়, তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, অভিযুক্তদের মধ্যে ৫৬৯ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এসব জবানবন্দির পৃষ্ঠাসংখ্যা দুই হাজার ৫৩।সরকারপক্ষে শুনানি করেন আইনজীবী আনিসুল হক, মোশাররফ হোসেন, আবদুল্লাহ আবু, শাহ আলম তালুকদার, সাইদুর রহমান প্রমুখ। আসামিদের পক্ষে ছিলেন সানাউল্লাহ মিয়া, আমিনুল ইসলাম, ওমর ফারুকসহ প্রায় ২০০ আইনজীবী।এই বিচারকাজ উপলক্ষে অস্থায়ী বিশেষ আদালত এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পর্যাপ্ত পুলিশ, র্যাব, আর্মড পুলিশ মোতায়েন করা হয়। তাঁদের সঙ্গে যোগ দেন পুলিশের ক্রাইসিস ম্যানেজমেন্টের বিশেষ বাহিনী সোয়াটের সদস্যরা। প্রিজন ভ্যানে করে ৮০১ জন আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়।গত বছরের ১৩ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শেষে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগসহ পৃথক ২৪টি ধারায় ডিএডি তৌহিদ, ডিএডি হাবিব, ডিএডি লতিফ, ডিএডি জলিল, সাবেক সাংসদ নাসির উদ্দিন আহাম্মেদ ও আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলীসহ ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। একই ঘটনায় করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় ৮০১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। এ মামলায় নাসির উদ্দিন আহাম্মেদ ও তোরাব আলীকে আসামি করা হয়নি।