আদালত বিডিআর বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত ১৩ রাইফেল ও সংযুক্ত ব্যাটালিয়নের ৬২২ জন আসামির বিরুদ্ধে আগামী ৭ নভেম্বর সাক্ষ্যপ্রমাণ উপস্থাপনের দিন ধার্য করেছেন।আজ বৃহস্পতিবার পিলখানায় বিডিআর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৮-এ অবশিষ্ট ৩৪২ জন আসামির কাছে জানতে চাওয়া হয় তাঁরা দোষী না-নির্দোষ। এ সময় চারজন আসামি নিজেদের দোষ স্বীকার করেন। বেলা ১১টায় বিচারকাজ শুরু হয়ে শেষ হয় বিকেল তিনটায়। এতে সভাপতিত্ব করেন বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক।দোষ স্বীকারকারী এই চারজন হলেন সেপাই সাইফুল ইসলাম, সেপাই ইসতিয়াক উদ্দিন, সেপাই জামালউদ্দিন ও সেপাই শরিফ জাহাঙ্গীর আলম। দোষ স্বীকারকারী আসামিরা বলেন, তাঁরা না বুঝেই আত্মরক্ষার্থে ওই দিন বিদ্রোহ প্রতিরোধের চেষ্টা করেননি। এ জন্য তাঁরা দোষী এবং আদালতের কাছে ক্ষমাপ্রার্থী। এর আগে গতকাল বুধবার ৬২২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়া শেষ হয়।প্রসঙ্গত, প্রায় ছয় মাস আগে এই ব্যাটালিয়নের বিচার শুরু হয়েছিল বিশেষ আদালত-৫-এ। আদালত বিভাজনের কারণে বিশেষ আদালত-৮-এ এই বিচার শুরু হয়েছে। এই ব্যাটালিয়নের মোট ৬২৩ জন আসামির মধ্যে হাবিলদার শফিকুল ইসলাম নামের একজন মারা গেছেন। আসামিদের মধ্যে ১৩ রাইফেল ব্যাটালিয়নের নিজস্ব সদস্য ৩১৫ এবং সংযুক্ত বিভিন্ন ব্যাটালিয়নের সদস্য ৩০৮ জন।