আসামিদের ১৮ বছরের কারাদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের দৌলতপুর থানার পাবলা এলাকায় ২০০৩ সালের ১৫ এপ্রিল (পয়লা বৈশাখ) বখাটেদের অপমান সহ্য করতে না পেরে ফারজানা আফরিন রুমি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এই মর্মান্তিক ঘটনায় খুলনাসহ সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর দৌলতপুর থানা পুলিশ বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় আত্মহত্যা প্ররোচনায় জড়িত চারজনকে আসামি করে থানায় একটি মামলা করে। মামলায় আসামি করা হয় এলাকার বখাটে যুবক ও রুমিকে উত্ত্যক্তকারী রনি মোল্লা, তার সহযোগী হাসান, বাবু ও মিজানকে। পুলিশ মামলার প্রধান আসামিসহ হাসান ও বাবুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। মিজান পলাতক থাকে।রুমির বড় ভাই প্রকৌশলী কামরুল হাসান প্রথম আলোকে জানান, মামলাটি প্রথমে খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ছিল। পরে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে যায়। এ সময় বাদীপক্ষকে সার্বিক সহযোগিতা করে জাতীয় মহিলা আইনজীবী সমিতি, আইন ও সালিশ কেন্দ্র এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা। ২০০৫ সালে বিচার শেষে আদালত আসামিদের প্রত্যেককে ১৮ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। এই রায়ের পর আসামিপক্ষ থেকে হাইকোর্টে আপিল করা হয়। ২০০৮ সালে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। বিচার চলাকালে কারাগারে থাকা আসামিদের জামিন হয়নি। অপরদিকে আসামি মিজান এখনো পলাতক।আসামিপক্ষ এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে (সুপ্রিম কোর্টে) আপিল করেছে কি না, রুমির বড় ভাই এ ব্যাপারে কিছু জানেন না।