আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম এবং বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। যথাক্রমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এ গতকাল বৃহস্পতিবার আসামিপক্ষ এ দুই মামলায় যুক্তি উপস্থাপন করে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল গোলাম আযমের পক্ষে যুক্তি উপস্থাপন করেন এমরান সিদ্দিক। গত বুধবারও তিনি যুক্তি উপস্থাপন করেন।যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ কামারুজ্জামানের পক্ষে গতকাল দ্বিতীয় দিনের মতো যুক্তি দেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক।গোলাম আযমের বিরুদ্ধে আনা উসকানির অভিযোগের বিষয়ে গতকাল আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করে। যুক্তিতে এমরান সিদ্দিক বলেন, কেউ দেখাতে পারবে না যে গোলাম আযমের উসকানির কারণে রাজাকার ও আলবদররা মানুষ হত্যা করেছে। কামারুজ্জামানের বিরুদ্ধে আনা প্রথম ও তৃতীয় অভিযোগের বিষয়ে গতকাল যুক্তি উপস্থাপন শেষ করেছেন আবদুর রাজ্জাক। তিনি বলেন, কামারুজ্জামানের বিরুদ্ধে আনা তৃতীয় অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের যে সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন, তাঁদের বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে। সোহাগপুরের ঘটনায় কামারুজ্জামানের সম্পৃক্ততা নেই।পরে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।