আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ, যুক্তি খণ্ডন শুরু রাষ্ট্রপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার আসামিপক্ষের আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। পরে আসামিপক্ষের যুক্তি খণ্ডন শুরু করেছে রাষ্ট্রপক্ষ।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল তৃতীয় দিনের মতো আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। এ সময় সাঈদী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে তাঁর যুক্তি উপস্থাপন শেষ হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী যুক্তি খণ্ডন শুরু করেন। তিনি বলেন, আজ মঙ্গলবার মধ্যাহ্নবিরতির মধ্যে তিনি পাল্টা যুক্তি দেওয়া শেষ করবেন।গত ৬ ডিসেম্বর এই মামলা যুক্তি উপস্থাপন শেষে রায়ের অপেক্ষায় ছিল। কিন্তু ১৩ ডিসেম্বর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হলে পুনর্গঠিত ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে আবার মামলার সারসংক্ষেপ ও আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনের নির্দেশ দেন। এ জন্য রাষ্ট্রপক্ষকে দুই দিন ও আসামিপক্ষকে তিন দিন নির্দিষ্ট করে দেওয়া হয়।আজহারকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে সেফ হোমে (জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত বাড়ি) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নূরজাহান মুক্তা। তিনি বলেন, আজহারুলের বিরুদ্ধে তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে, নানা তথ্য-উপাত্ত পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করতে এবং অধিকতর তদন্তের স্বার্থে তাঁকে ধানমন্ডির সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার।এই আবেদনের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী সাইফুর রহমান। পরে এ বিষয়ে আদেশের জন্য ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আজহারুলের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগে থেকেই ৫ ফেব্রুয়ারি দিন ধার্য আছে।