আসামিপক্ষের যুক্তি বৃহস্পতিবারের মধ্যে শেষ করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম এবং বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষকে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার যথাক্রমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ পৃথকভাবে এই নির্দেশ দেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল গোলাম আযমের বিরুদ্ধে মামলায় আইনি বিষয়ে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। এর আগে দুই দিন এ বিষয়ে যুক্তি উপস্থাপন করে আসামিপক্ষ। তবে অন্যান্য হরতালের দিনের মতো গতকালও ধার্য দিনে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালে আসেননি। আসামিপক্ষের এক আইনজীবী রায়হান উদ্দিন ট্রাইব্যুনাল মুলতবির আবেদন জানান। তিনি জানান, ‘ব্যক্তিগত কারণে’ আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালে আসতে পারেননি।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এর বিরোধিতা করেন। পরে ট্রাইব্যুনাল আসামিপক্ষকে ৪ এপ্রিলের (বৃহস্পতিবার) মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করার নির্দেশ দেন।এদিকে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল কামারুজ্জামানের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। গতকালই ছিল আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের প্রথম দিন। কিন্তু আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিলেন। কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের কনিষ্ঠ আইনজীবী গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালে বলেন, কামারুজ্জামানের পক্ষে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক যুক্তি উপস্থাপন করবেন। তিনি আসতে পারেননি, এক দিন সময় চেয়েছেন।এ সময় ট্রাইব্যুনাল বলেন, এক দিন সময় দেওয়া হচ্ছে। আগামীকাল (আজ) বুধবারের মধ্যে যুক্তি উপস্থাপন শুরু করে দুই দিনের মধ্যে শেষ করতে হবে। বুধবার যুক্তি শুরু করতে না পারলে যুক্তি উপস্থাপন বন্ধ করে লিখিত আকারে যুক্তি নেওয়া হবে।পরে এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয় ২৪ মার্চ। রাষ্ট্রপক্ষ ৩১ মার্চ পর্যন্ত চার দিনে যুক্তি উপস্থাপন শেষ করে। যুক্তি উপস্থাপনের শেষ দিনে রাষ্ট্রপক্ষ কামারুজ্জামানের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।আবদুর রাজ্জাক খানের জবানবন্দি সম্পন্ন: ট্রাইব্যুনাল-২-এ গতকাল জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৭তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানের জবানবন্দি দেওয়া শেষ হয়েছে। আসামির কাঠগড়ায় মুজাহিদের উপস্থিতিতে এই জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান।জবানবন্দি দেওয়ার সময় আবদুর রাজ্জাক খান মানবতাবিরোধী অপরাধে মুজাহিদের জড়িত থাকার পক্ষে বিভিন্ন বই, নথি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। পরে রাজ্জাক খানকে জেরার জন্য ৭ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।