মানবতাবিরোধী অপরাধের বিচার: গোলাম আযমের বিরুদ্ধে মামলা
আসামিপক্ষের যুক্তি ১৫ এপ্রিল শেষ করার নির্দেশ
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ করার জন্য ১৫ এপ্রিল সময়সীমা বেঁধে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনাল বলেছেন, যেকোনো পরিস্থিতিতে ওই দিনের মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করতে হবে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। গতকাল এ মামলায় আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাকের আইনি বিষয়ে যুক্তি দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু ইসলামী ছাত্রশিবিরের (জামায়াতের ছাত্রসংগঠন) ডাকা হরতালের জন্য তিনি ট্রাইব্যুনালে যাননি। আসামি- পক্ষের সহযোগী আইনজীবী মুজাহিদুল ইসলাম যুক্তি উপস্থাপন মুলতবির আরজি জানিয়ে বলেন, ‘ব্যক্তিগত কারণে’ আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালে আসতে পারেননি। পরে ট্রাইব্যুনাল ১৫ এপ্রিল সময়সীমা নির্ধারণ করে দেন।গত ৭ মার্চ এই মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরুর দিন ধার্য থাকলেও হরতালে আসামিপক্ষের আইনজীবীদের অনুপস্থিতির কারণে ট্রাইব্যুনাল তা মুলতবি করেছিলেন। ১০ মার্চ থেকে আসামিপক্ষ যুক্তি দেওয়া শুরু করে। এরপর হরতালের জন্য আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকায় কয়েক দফায় যুক্তি উপস্থাপন মুলতবি করতে হয়। ৮ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত টানা চার দিন হরতাল থাকায় আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা ট্রাইব্যুনালে যাননি। এ কারণে ৮ ও ৯ এপ্রিলও যুক্তি উপস্থাপন মুলতবি করতে হয়েছিল। এ অবস্থায় যুক্তি উপস্থাপন শেষ করতে গতকাল সময়সীমা বেঁধে দিলেন ট্রাইব্যুনাল।আসামিপক্ষের আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ হলে রাষ্ট্রপক্ষ এর জবাব দেবে। এরপর মামলার রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল।