আসামিপক্ষের সাক্ষী হাজিরের সময় এক দিন বাড়ালেন ট্রাইব্যুনাল
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই দফায় সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়েছে আসামিপক্ষ। সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল আবারও সুযোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আজ বুধবার আসামিপক্ষকে শেষ সুযোগ দেন। আগামীকাল বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। ১৮ মার্চ আসামিপক্ষকে সাক্ষী হাজিরের জন্য প্রথম দফায় সময় দেওয়া হয়েছিল।আজ কামারুজ্জামানের পক্ষে পঞ্চম ও শেষ সাক্ষীকে হাজির করার দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, হরতালের জন্য সাক্ষীকে ঢাকায় আনা সম্ভব হয়নি। এ জন্য সময় দরকার।ট্রাইব্যুনাল বলেন, সাক্ষী তো শেরপুরের, ঢাকা থেকে বেশি দূরে নয়। বৃহস্পতিবার সাক্ষীকে হাজির করতে না পারলে সাক্ষ্য গ্রহণ বন্ধ করে যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হবে।১৩ মার্চ কামারুজ্জামানের পক্ষে তাঁর বড় ভাই কফিল উদ্দিন চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া শেষ করেন। পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ১৮ মার্চ দিন ধার্য করা হয়। কিন্তু ওই দিন বিএনপির ডাকা হরতালে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা ও সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থিত হননি। আসামিপক্ষের একজন সহযোগী আইনজীবী সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আজ বুধবার সাক্ষী হাজিরের দিন ধার্য করে দিয়ে বলেন, সাক্ষী হাজির করতে না পারলে যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হবে। কিন্তু আজ ট্রাইব্যুনাল আসামিপক্ষকে আরও এক দিন সময় দিলেন।