চট্টগ্রামের বিএনপির নেতা ও ব্যবসায়ী জামালউদ্দিন অপহরণ ও হত্যা মামলার এক আসামির আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে এই মামলার অভিযোগপত্রের ওপর নারাজি আবেদনের শুনানি করতে আর কোনো বাধা নেই। পরবর্তী ধার্য দিনে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে অধিকতর তদন্তের শুনানি হবে।আদালত সূত্র জানায়, জামালউদ্দিন অপহরণ ও হত্যা মামলার সন্দেহভাজন আসামি মারুফ নিজাম হাইকোর্টের একটি আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে মোট ছয়জন বিচারপতি গত ১৯ আগস্ট মারুফ নিজামের আবেদন খারিজ করে দেন। আপিল বিভাগের অন্য পাঁচ বিচারপতি হলেন মো. আবদুল মতিন, শাহ আবু নাঈম মোমিনুর রহমান, এ বি এম খায়রুল হক, মো. মোজাম্মেল হোসেন ও এস কে সিনহা। এ-সংক্রান্ত আদেশ ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থেকে চট্টগ্রামে পাঠানো হয়।আদালত সূত্র জানায়, চাঞ্চল্যকর এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন ২০০৬ সালের ১০ জুলাই ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের ভাই মারুফ নিজামের নাম বাদ পড়ায় জামালউদ্দিনের বড় ছেলে চৌধুরী ফরমান রেজা আদালতে নারাজি আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মারুফ নিজাম হাইকোর্টে যান।আদালত সূত্র আরও জানায়, আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি মো. ফজলুর রহমানকে নিয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ২০০৬ সালের ১৬ নভেম্বর এই মামলার কার্যক্রমের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন। ফলে সোয়া তিন বছর চাঞ্চল্যকর এই মামলার সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। গত বছরের ১৪ ডিসেম্বর বিচারপতি এ টি এম ফজলে কবীর ও বিচারপতি সোমেন্দ্র সরকারকে নিয়ে গঠিত অন্য একটি বেঞ্চ এই স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ দেন। মারুফ নিজাম হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে আপিল করেন।জামালউদ্দিনের বড় ছেলে চৌধুরী ফরমান রেজা প্রথম আলোকে বলেন, ‘ন্যায়বিচারের আশায় আমরা সোয়া সাত বছর ধরে অপেক্ষা করেছি। অধিকতর তদন্তের জন্য সুপ্রিম কোর্ট সব বাধা দূর করেছেন। এবার নিম্ন আদালতে আমাদের নারাজি আবেদনের ওপর শুনানি হবে।’প্রসঙ্গত, ২০০৩ সালের ১৩ জুলাই রাতে চট্টগ্রাম নগরের চকবাজার থেকে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় যাওয়ার পথে অপহূত হন জামালউদ্দিন। এরপর সন্ত্রাসীরা তাঁর পরিবারের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের কয়েক লাখ টাকাও দেওয়া হয়। কিন্তু মুক্তি পাননি তিনি। তাঁকে হত্যা করে ফটিকছড়ির কাঞ্চননগরের ফকিরটিলার পাহাড়ি এলাকায় লাশ পুঁতে ফেলে সন্ত্রাসীরা।জানা গেছে, ২০০৫ সালের ২৪ আগস্ট কালা মাহবুবের তথ্যের ভিত্তিতে ফকিরটিলার পাহাড়ি এলাকা থেকে জামালউদ্দিনের কঙ্কাল উদ্ধার করে র্যাব। ২০০৪ সালের ১ নভেম্বর কালা মাহবুব গ্রেপ্তার হন। তিনি ২০০৫ সালের ৮ আগস্ট মহানগর হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের ভাই মারুফ নিজামসহ ১৭ জনকে জড়িয়ে বক্তব্য দেন। কালা মাহবুব গত বছর যক্ষ্মায় মারা যান।