আসামির ছকে অভিযুক্তদের নাম নেই, মামলা সাজিয়েছে পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখের সামনেই মেয়েকে হত্যা করতে দেখেছেন খালেদা বানু। নিজে বাদী হয়ে থানায় মামলাও করেছেন। মামলায় দুজনের নাম উল্লেখ করেছেন তিনি। কিন্তু পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) আসামির ছকে ওই দুজনের নাম নেই, লেখা আছে অজ্ঞাত।খালেদা বানু ও তাঁর স্বজনদের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও পুলিশ সাইফুল ইসলাম ও সেলিম তালুকদারকে গ্রেপ্তার করেনি। ঘটনার পর বৃদ্ধা খালেদা গণমাধ্যম ও পুলিশকে মৌখিকভাবে যা বলেছেন, এজাহারে তা নেই। পুলিশ নিজের মতো করে মামলা সাজিয়েছে।অভিযুক্ত দুজনকে পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেয়। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি) মনিরুল ইসলাম বলেন, অভিযুক্ত দুজন ছাড়াও চার-পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছেড়ে দেওয়ার বিষয়ে যে কথা বলা হচ্ছে, তা কৌশলগত। অভিযুক্ত ব্যক্তিদের আসামি না করার কারণ সম্পর্কে ডিসি বলেন, তাঁদের নাম এজাহারের ছকে নেই, এটা সত্যি। তবে মামলার বিবরণে আছে। তাঁরা সন্দেহভাজন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সন্দেহজনক হওয়ায় অভিযুক্ত ব্যক্তিদের নাম আসামির তালিকায় আনা হয়নি।গত বৃহস্পতিবার মেয়ে নিশাত বানুর লাশ উদ্ধারের পর থেকেই ৭৩ বছরের বৃদ্ধ মা পুলিশ-সাংবাদিকসহ সবাইকে বলে আসছেন, সাইফুল ও সেলিম এ ঘটনা ঘটিয়েছে। তাঁদের নাম উল্লেখ করে তিনি শাহবাগ থানায় মামলা করেন। এজাহারের বিবরণে আছে, ‘ভাড়াসংক্রান্ত বিরোধের জের ধরে সেলিম ও সাইফুল অজ্ঞাত তিনজনকে নিয়ে হত্যার ঘটনা ঘটাতে পারে বলে আমার জোর সন্দেহ হয়।’এজাহারে ‘জোর সন্দেহ’ লেখা সম্পর্কে জানতে চাইলে খালেদার ভাই আবুল মনসুর বলেন, ‘কোনো সন্দেহ-টন্দেহ নয়। তারাই (সাইফুল ও সেলিম) এ কাজ করেছে।’ এজাহারে ‘সন্দেহ’ লেখার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমার বোন খালেদা পুলিশকে ঘটনার বর্ণনা দিয়েছিলেন। ওই সময়ও তিনি সাইফুল ও সেলিমকে দায়ী করেছেন। পুলিশ এজাহারটি তাদের মতো করে লিখে নিয়েছে।’মামলার তদন্ত নিয়ে ডিবি পুলিশ ও থানার পুলিশের কাছ থেকে পাওয়া গেছে ভিন্ন ভিন্ন বক্তব্য। গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) শহীদুল্লাহ বলেন, মামলাটি শাহবাগ থানার পুলিশই দেখছে। অভিযুক্ত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। তাঁদের গ্রেপ্তার দেখানো হয়নি। পুলিশ ডাকলে তাঁরা বাসা থেকে এসে দেখা করে যাচ্ছেন।তবে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আমরা শুধু ডিবিতে মামলা হস্তান্তরের ব্যাপারে একটা আবেদন করেছি মাত্র। সেটারও কী অবস্থা, জানি না।’মামলার পর তদন্তের দায়িত্ব পাওয়া শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক বলেন, ‘আমি অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদ করতে পারিনি। ডিবিই সব দেখছে। আমি কিছুই জানি না।’ এসব ব্যাপারে জানতে চাইলে ডিসি মনিরুল ইসলাম বলেন, আনুষ্ঠানিকভাবে না এলেও ডিবি পুলিশ ঘটনার ছায়াতদন্ত করছে।গত মঙ্গলবার রাতে তোপখানা রোডের তিনতলার বাসায় ঢুকে তিন যুবক মায়ের সামনে শ্বাসরোধে হত্যা করে মেয়ে নিশাত বানুকে। প্রায় দুদিন পর গত বৃহস্পতিবার পুলিশ নিশাতের অর্ধগলিত লাশ উদ্ধার করে।খালেদা বানুর অভিযোগ, ২০ বছর আগে তাঁর বাসার পাশে নিজের জায়গায় মনিরুজ্জামান নামের এক ব্যক্তিকে খাবার হোটেল করতে দিয়েছিলেন, যা মনির হোটেল নামে পরিচিত। কিছুদিন না যেতেই মনির ওই জায়গা দখলে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে মামলা হওয়ায় তাঁর সঙ্গে শত্রুতার সৃষ্টি হয়। পরে মনিরুজ্জামান মারা গেলেও তাঁর দুই ছেলে সাইফুল ও সেলিম জায়গা দখলে রাখেন। ওই সাইফুল ও সেলিম সবকিছু দখলে নিতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।বাসায় ডিবির তদন্ত দল: গতকাল দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তোপখানা রোডের ওই বাসায় যায়। ডিবি কর্মকর্তারা ঘটনা সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় খালেদা বানুর কাছে জানতে চান। খালেদা জানান, মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৫০ বিঘা, ঢাকা বিমানবন্দর এলাকায় দেড় বিঘাসহ তাঁর প্রায় ৬৫ বিঘার মতো জায়গাজমি রয়েছে। এ-সংক্রান্ত ২১টি দলিল নিয়ে গেছে দুর্বৃত্তরা।খালেদার ভগ্নিপতি জি এম ফারুক বলেন, নিশাতকে হত্যার পর হত্যাকারীরা খালেদাকেও হাত-পা ও মুখ বেঁধে মারধর করে। ঘাড়ও মটকে দিয়ে নিশাতের মতো গলায় ফাঁস দিয়ে তাঁকে লেপ-তোশক দিয়ে ঢেকে রাখে। হত্যাকারীরা ভেবেছিল, তিনিও মারা যাবেন। কিন্তু খালেদা বেঁচে গেছেন।শোকাহত খালেদা: মেয়ের মৃত্যুর পর একেবারেই একা হয়ে পড়েছেন খালেদা বানু। তাঁর নিরাপত্তার জন্য দুজন পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁর ভাই আবুল মনসুর তাঁর ওয়ারীর বাসা থেকে প্রতিদিন সকালে খাবার নিয়ে আসেন, রাতে চলে যান। আবুল মনসুর বলেন, ‘বুঝতে পারছি না কী করব। বোনকে আমার বাসায় নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করছি। কিন্তু তিনি যেতে রাজি হচ্ছেন না। তাঁর ভয়, চলে গেলে বাসাটি দখল হয়ে যাবে।’ তিনি জানান, কানাডা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী খালেদার দুই মেয়েকে খবর দেওয়া হয়েছে। তাঁদের অপেক্ষায় আছেন স্বজনেরা।