তিন মৃত্যুর তদন্তে কমিটি করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আসামির প্রতি আচরণ বিষয়ে পুলিশকে ১২ দফা নির্দেশনা
রাজধানীর তিন থানায় সম্প্রতি পুলিশের হেফাজতে তিন ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো তদন্ত কমিটি গঠন করেনি। তবে হাইকোর্টের তদন্ত কমিটি গঠনের আদেশের পর ঢাকা মহানগর পুলিশ রাজধানীর সব থানায় একটি নির্দেশনা পাঠিয়েছে। এতে আসামিদের সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে, সে সম্পর্কে ১২ দফা নির্দেশনা রয়েছে।পুলিশের হেফাজতে বিচারবহির্ভূত এসব হত্যাকাণ্ডের পর ৫ জুলাই হাইকোর্ট সাত দিনের মধ্যে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তবে এই কমিটিতে পুলিশের কোনো সদস্য রাখা যাবে না।এদিকে দারুস সালাম থানা এলাকায় মজিবর রহমান নিহত হওয়ার ঘটনায় পুলিশসহ সাতজনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বুধবার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা হয়।স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে জানান, তদন্তের ব্যাপারে গতকাল পর্যন্ত কোনো নির্দেশনা মন্ত্রণালয়ে পৌঁছায়নি। তবে এসব ঘটনার ব্যাপারে পুলিশের তদন্ত দল ইতিমধ্যে কাজ শুরু করেছে।পুলিশের বিরুদ্ধে মামলা: ১ জুলাই সাভার থানাধীন মেলারটেক ঘাটে সাত বছরের শিশুপুত্রের সামনেই মজিবরকে মারধর করে দারুস সালাম থানার পুলিশ। পরদিন সকালে তুরাগ নদে মজিবরের লাশ পাওয়া যায়। মজিবরের বাবা ইব্রাহিম ইউনুস বাদী হয়ে গতকাল মামলা করেন। মামলার আসামিরা হলেন দারুস সালাম থানার উপপরিদর্শক হেকমত আলী, সহকারী উপপরিদর্শক মশিউর রহমান, সহকারী উপপরিদর্শক আবু সায়েম, কনস্টেবল জিয়াউর রহমান ও পুলিশের সোর্স মুহিবুর রহমান, কাজল ও নয়ন হাওলাদার। মামলার বাদীর অভিযোগ, ঘুষের টাকা না দেওয়ায় আসামিরা তাঁর ছেলে মজিবর রহমানকে মেরে লাশ তুরাগ নদে ফেলে দিয়েছে। এর আগে চার পুলিশের বিরুদ্ধে মামলা করতে গেলে দারুস সালাম থানার পুলিশ শুধু সোর্সদের বিরুদ্ধে মামলা নেয়।গত মঙ্গলবার রাতে এ ঘটনায় উপপরিদর্শক হেকমত আলী, সহকারী উপপরিদর্শক মশিউর রহমান, সহকারী উপপরিদর্শক আবু সায়েমকে সাময়িক বরখাস্ত করা হয়।গত ২৮ জুন রমনা থানা হেফাজতে অটোরিকশাচালক বাবুল গাজীর মৃত্যু হয়। পুলিশের হেফাজত থেকে পালানোর সময় দুর্ঘটনাবশত অটোরিকশাচালক বাবুল গাজীর মৃত্যু হয়েছে বলে পুলিশের তদন্তে দাবি করা হয়েছে। রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম গতকাল এ তথ্য জানান। নিহত বাবুল গাজীর স্ত্রী আক্তার গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, ঘুষের দাবিতে উপপরিদর্শক আলতাফ হোসেন তাঁর স্বামীকে নির্যাতন করে হত্যা করেছেন।৩০ জুন রাতে গুলশানে পুলিশের হেফাজতে ব্যবসায়ী মিজানুর রহমানের মৃত্যুর ঘটনায় গত রোববার দুই উপপরিদর্শককে রাজারবাগ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ওই ঘটনার তদন্ত চলছে।১২ দফা: পুলিশের হেফাজতে তিনজনের মৃত্যুর পর আসামির সঙ্গে কী রকম আচরণ করতে হবে, তা জানিয়ে ১২ দফা নির্দেশনা জারি করেছেন মহানগর পুলিশ কমিশনার। গত সোমবার জারি করা এ নির্দেশনা রাজধানীর সব থানায় পাঠানো হয়। এতে বলা হয়েছে, সংবিধানের ৩৩ ও ৩৫(৫) অনুচ্ছেদ অনুসারে আটক ব্যক্তির মৌলিক মানবাধিকার রক্ষায় পুলিশ সচেষ্ট হবে।নির্দেশনায় বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় আসামিকে কোনো রকম শারীরিক ও মানসিক নির্যাতন করা যাবে না। মানবাধিকার লঙ্ঘন হয়, এমন কোনো কাজ করা যাবে না। আসামির সঙ্গে শিষ্টাচারমূলক আচরণ করতে হবে। আসামি বা অভিযুক্ত ব্যক্তিদের শারীরিক অবস্থা যেমন—হূদরোগ, রক্তচাপ, মৃগীরোগ, জন্ডিস, শ্বাসকষ্ট প্রভৃতি রোগ আছে কি না, তা আগে জেনে নিতে হবে। প্রয়োজনে তাঁকে হাসপাতালে পাঠাতে হবে। হাজতে কোনো আসামি অসুস্থ হলে চিকিৎসা করতে হবে দ্রুত। বিশেষ যত্ন রাখতে হবে, যাতে থানা থেকে আসামিকে আদালতে নেওয়ার সময় অসুস্থ হয়ে না পড়ে। নারী আসামিদের সঙ্গে সৌজন্যমূলক ও মাতৃসুলভ আচরণ করতে হবে। থানাহাজতে আটক ও অভিযুক্ত ব্যক্তিদের খাবারের প্রতি যত্ন নিতে হবে। অন্য কোনো সংস্থা আসামি গ্রেপ্তার করলে সেই আসামির শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে হবে। কাউকে গ্রেপ্তারের সময় অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। হরতাল চলাকালে কোনো কর্মকর্তা-সদস্য বিধিবহির্ভূত অতিরিক্ত বল প্রয়োগ করবে না। পুলিশের কোনো সদস্য আইন ভঙ্গ করলে তার দায় তাঁকেই বহন করতে হবে। আইন ভঙ্গকারী পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।নির্দেশনায় আরও বলা হয়, তদারককারী কর্মকর্তারা থানাফাঁড়ি ও পুলিশ লাইনে গিয়ে এ ব্যাপারে বাহিনীর সদস্যদের অবহিত করবেন।জানতে চাইলে মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সবাইকে বলা হয়েছে।