রাজধানীর জুরাইনের আলমবাগে ফারজানা রিতা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর ঘটনার চার দিনেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। ফারজানার মায়ের পরিবারের অভিযোগ, আসামিরা প্রভাবশালী বলে পুলিশ ইচ্ছে করেই তাদের ধরছে না।জানতে চাইলে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার তৌফিক মাহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামিদের ধরতে গতকালও বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। স্মৃতির কর্মস্থলেও অভিযান চালানো হয়েছে। কিন্তু তাদের পাওয়া যায়নি।এ ঘটনায় গত শুক্রবার রাতে ফারজানার স্বামী রাশেদুল কবির, শ্বশুর শফিকুল কবির, শাশুড়ি, দুই ননদসহ আটজনকে আসামি করে মামলা হয়েছে। ফারজানার মা মাজেদা বেগম বাদী হয়ে কদমতলী থানায় এ মামলা করেন। মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়।এদিকে ফারজানার পরিবারের সদস্যরা জানান, স্বামী-শ্বশুরের কাছে নির্যাতিত হয়ে ফারজানা দ্বারে দ্বারে ঘুরেছেন। চেয়েছিলেন সব বিরোধ মিটিয়ে সন্তানদের নিয়ে বেঁচে থাকতে।গত ১৬ মে ফারজানা আইন ও সালিশ কেন্দ্রেও যান। তিনি আশা করেছিলেন, মামলা না করে সালিসের মাধ্যমে পারিবারিক সমস্যার সমাধান করা যাবে। তিনি আইন ও সালিশ কেন্দ্রে বলেছিলেন, তালাক না নিয়ে তিনি সংসার করতে চান। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, ‘আইন ও সালিশ কেন্দ্রে আসার পর ফারজানাকে কিছু পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি পরে আর কোনো যোগাযোগ করেননি।’ফারজানার পরিবারের লোকজন জানান, স্বামী রাশেদুল কবির যে রাজিয়া সুলতানা স্মৃতিকে বিয়ে করেছেন, তা ফারজানা জানতেন না। সাত-আট মাস আগে ফারজানা জানতে পারেন, স্মৃতি ও রাশেদুল স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছেন। তাঁরা ইস্কাটনের একটি বাসায় আছেন শুনে ফারজানা সেখানে যান। তাঁদের একসঙ্গে থাকার বৈধতা জানতে চাইলে স্মৃতি তাঁর হাতে কাবিননামার ফটোকপি তুলে দেন। এতে দেখা যায়, ২০০৮ সালের ২৮ আগস্ট স্মৃতি ও রাশেদুল বিয়ে করেছেন।ফারজানা এ খবর তাঁর শ্বশুর সাংবাদিক শফিকুল কবিরকে জানালে তিনি প্রথমে অবিশ্বাস করেন। পরে ফটোকপি দেখালে তিনি ঘটনা বিশ্বাস করেন। কিন্তু ছেলেকে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। পরে তিনি ছেলের পক্ষ নেন।ফারজানার দুলাভাই কাজী আরিফ বলেন, ফারজানা এ নিয়ে মামলা করতে চাইলে শফিকুল কবির তাঁকে হুমকি দিয়ে বলেন, ‘বেশি বাড়াবাড়ি করলে মহিলা পুলিশ দিয়ে পেটানো হবে। মামলা কীভাবে নষ্ট করতে হয় সে কৌশল আমার জানা আছে।’ আরিফ বলেন, তাঁরা ভেবেছিলেন, শফিকুল কবির ও স্মৃতি দুজনই সাংবাদিক। এ কারণে কেউ তাঁদের কিছু করতে পারবে না। এসব মনে করে ফারজানা হতাশ হয়ে পড়েছিলেন। তিনি মনে করেছিলেন, নির্যাতন সহ্য করা ছাড়া তাঁর কোনো পথ খোলা নেই। তাঁর সন্তানদের মনেও এ ধারণা জন্মে। মাকে অপমানিত হতে দেখে সন্তানেরাও মায়ের মতো ক্ষুব্ধ হয়ে ওঠে।পরিবারের লোকজন জানান, মৃত্যুর দুই দিন আগে থেকেই সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন ফারজানা। তাঁর দুই সন্তান পাবন ও পায়েলও সবাইকে এড়িয়ে চলে। এ সময় তাঁর ফোনও বন্ধ ছিল।মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘হতে পারে তারা দীর্ঘ সময় ধরে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিল। দেয়ালে, মেঝেতে ও বাথরুমে লেখার কাজগুলো করেছে। এসব যাতে কেউ টের না পায়, সে কারণে তারা যোগাযোগ বন্ধ রাখতে পারে।’ তদন্ত কর্মকর্তার অভিমত, তারা চুপিসারে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিল। এ জন্য মোবাইল সিম ফারজানা নিজেই নষ্ট করতে পারেন। তবে বাড়ির তত্ত্বাবধায়ক আনিস ও গাড়িচালক আল আমিন আগে থেকে এসব জানতে পারেন বলে তাদের সন্দেহ।ফারজানার মামা আব্বাস দেওয়ান বলেন, তাঁর স্ত্রী ঘটনার এক দিন আগে ফারজানার বাসায় গিয়েছিলেন। ওই সময় পায়েল কৌশলে তাঁকে নিজের রুমে ঢুকতে দেয়নি। বাসার অন্য দুটি ঘরও বন্ধ ছিল। তাঁর আশঙ্কা, পায়েলের ঘরের দেয়ালে আগে থেকেই লেখা হচ্ছিল। তবে তাঁরা ওই সময় কিছুই বুঝে উঠতে পারেননি।পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার তৌফিক মাহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁরা এখন পর্যন্ত মনে করছেন ফারজানা ও তাঁর দুই সন্তান আত্মহত্যাই করেছে। কেউ তাদের খুন করেনি। তবে তারা আত্মহত্যা করেছে রাশেদুল কবির ও শফিকুল কবিরের পরিবারের নির্যাতনের কারণে। তিনি জানান, ওই বাসা থেকে উদ্ধার করা আলামত ও ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে।ফারজানা ও তাঁর দুই সন্তানের আত্মার শান্তি কামনা করে গতকাল জুরাইনের একটি মসজিদে ও তাদের বাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে রাশেদুল ও ফারজানার অনেক বন্ধু ও স্বজন উপস্থিত ছিলেন।