আসামে দাঙ্গায় হাজার হাজার মানুষ উদ্বাস্তু
ভারতের আসাম রাজ্যে এক সপ্তাহ ধরে চলা দাঙ্গায় ১৭ জন নিহত হয়েছে। হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। রাজ্যের পুলিশ বাহিনীর বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে আজ সোমবার বলা হয়, রাজ্যের কোঁকড়াঝাড় জেলায় স্থানীয় আদিবাসী ও মুসলিম বসতকারদের মধ্যে সংঘর্ষ এখনো চলছে। নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে পাশের জেলা শিরাংয়ে।পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল রোববার সেনা মোতায়েন করা হয়েছে কোঁকড়াঝাড় জেলার ৩১টি স্পর্শকাতর এলাকায়। রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জেলাটিতে আরও ২৫টি অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়েছিলেন।জেলা প্রশাসক ডোনাল্ড গিলফেলন সংবাদপত্র দ্য সেন্টিন্যালকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, ছয় কোম্পানি ও দুই প্লাটুন সৈন্য জেলায় পৌঁছেছে। গত শুক্রবার জেলার সর্বত্র সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত যে কারফিউ জারি করা হয়েছিল, তা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন গিলফেলন।জেলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে আজ সোমবার বলেন, প্রায় ৫০ হাজার গ্রামবাসী দাঙ্গাপ্রবণ এলাকাগুলো ছেড়ে পার্শ্ববর্তী ত্রাণশিবিরগুলোতে আশ্রয় নিচ্ছে। তিনি আরও বলেন, উচ্ছেদ হওয়া মানুষদের থাকার জন্য ৩৭টি ত্রাণশিবির খোলা হয়েছে এবং প্রয়োজনে আরও খোলা হবে।পুলিশ জানিয়েছে, বোডো আদিবাসী-অধ্যুষিত এলাকায় গত শুক্রবার রাতে অজ্ঞাত ব্যক্তিবর্গের হামলায় চারজন তরুণ নিহত হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় মুসলমানেরা এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে বোডো আদিবাসীরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর, স্কুল ও যানবাহনে অগ্নিসংযোগ করে। পুলিশ বলেছে, তারা কয়েকটি ঘনবসতিপূর্ণ এলাকায় স্বয়ংক্রিয় মেশিনগান থেকে নির্বিচারে গুলিও চালায়। এরপর সংঘর্ষ পাশের জেলা শিরাংয়ে ছড়িয়ে পড়ে।সংবাদ সংস্থা এপিকে দেওয়া সাক্ষাত্কারে পুলিশ বলেছে, তারা জঙ্গলে, পথের পাশে বা নদী তীরে দায়ের কোপে জখম হওয়া অনেকগুলো লাশ উদ্ধার করেছে। আসাম পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস এন সিং প্রতিবেদকদের বলেন, ‘পরিস্থিতি ঘোলাটে। তাই দুর্গম এলাকাগুলোতেও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে।’আজ সারা দিন ব্যবসাপ্রতিষ্ঠান, বিভিন্ন অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। পথেঘাটে খুব কম মানুষের দেখা মিলেছে।