আসামে দ্বিতীয় ও শেষ পর্বের ভোট কাল
আসাম বিধানসভার ১২৬ আসনের মধ্যে দ্বিতীয় ও শেষ পর্বে কাল সোমবার অবশিষ্ট ৬৪ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ৪ এপ্রিল আসাম বিধানসভার প্রথম পর্বের ভোটে ৬২টি আসনের ভোট গ্রহণ করা হয়।ভারতের অন্য চার রাজ্য তামিলনাড়ু, কেরালা, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের মধ্যে তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে ভোট নেওয়া হবে ১৩ এপ্রিল। আর পশ্চিমবঙ্গে ভোট নেওয়া হবে ছয় পর্বে ১৮, ২৩ ও ২৭ এপ্রিল এবং ৩, ৭ ও ১০ মে।কাল আসামের ১৪টি জেলার ৬৪টি আসনে ভোট নেওয়া হবে। ভোট দেবেন ৯৬ লাখ ৭৭ হাজার ১১৩ জন ভোটার। ভোট নেওয়া হবে ১২ হাজার ৫৮৯টি ভোটকেন্দ্রে। প্রার্থী রয়েছেন ৫৯৬ জন। এর মধ্যে নারী প্রার্থী ৪৭ জন। প্রথম দফা নির্বাচনে ৪৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।সোমবারের নির্বাচনে যাঁদের ভাগ্য নির্ধারিত হবে, তাঁদের মধ্যে রয়েছেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী ও অসম গণপরিষদের নেতা প্রফুল্ল কুমার মহন্ত ও আসাম বিধানসভার ছয়জন মন্ত্রী। তাঁরা হলেন হেমন্ত বিশ্ব শর্মা, রফিকুল হোসেন, আকন বোরা, প্রমিলা রানি ব্রহ্ম, চন্দন ব্রহ্ম ও ভূমি ধরবর্মণ।প্রসঙ্গত, এবারের আসামের এই নির্বাচনে বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা ভোট বয়কট করলেও নির্বাচনে কোনো ব্যাঘাত সৃষ্টি করেনি। উলফার ভাইস চেয়ারম্যান প্রদীপ গগৈ বলেছেন, ‘আমরা ভোট বয়কট করলেও কোনো ভোটকেন্দ্রে বাধা দিইনি।’