আসামে প্রশংসিত ‘মহাজনের নাও’
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামের কালনী নদীর তীরে শতবর্ষ আগে আবদুল করিম নামের এক শিশুর জন্ম হয়েছিল। ভাটি এলাকার পানি, নৌকা, মানুষ, প্রকৃতি—এসব থেকে শিক্ষা নিয়ে সেই শিশু কালক্রমে পরিণত হয়েছেন কিংবদন্তিতুল্য বাউলসম্রাট শাহ আবদুল করিমে। তাঁর জীবনদর্শন নিয়ে শাকুর মজিদের রচনা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় মহাজনের নাও গত শুক্র ও শনিবার মঞ্চস্থ হয়েছে আসামে। দুটি প্রদর্শনী ব্যাপক প্রশংসিত হয়েছে সেখানে।শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়ের লিঙ্গ-বৈষম্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী দিনে সাংস্কৃতিক পরিবেশনায় মঞ্চস্থ হয় সুবচনের নতুন এ নাটক। পরদিন শনিবার শিলচর টাউন হলে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হয়।প্রসঙ্গত, ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার শিলচর শহরের আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘সমসাময়িক সমাজ: সংস্কৃতি ও সাহিত্যে নারী’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। বাংলাদেশের কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও নারীনেত্রী মালেকা বেগম এতে যোগ দিয়েছেন।