আসামে বিদ্রোহী হামলায় নিহত ১৯
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে গতকাল সোমবার বিচ্ছিন্নতাবাদী ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ডের (এনডিএফবি) বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১৯ ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর, বিবিসি অনলাইনের।আসাম পুলিশ জানিয়েছে, একটি বাসে বিদ্রোহীরা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। রাস্তার পাশে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিদ্রোহীরা ওঁত পেতে ছিল। পরে তারা একটি বাসে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই ১০ যাত্রী নিহত হন।এ ছাড়া অপর একটি হামলার ঘটনা ঘটে আসামের ডেকিয়াজহুলি অঞ্চলের একটি বাজারে। সেখানে বিদ্রোহীরা পাঁচ ব্যক্তিকে হত্যা করে। তাঁদের মধ্যে চারজন দোকানদার ও একজন নারী রয়েছেন। এর পাশাপাশি একটি গ্রামে এনডিএফবি গেরিলাদের আক্রমণে অপর তিন ব্যক্তি নিহত হয়েছেন।গত মাসে এনডিএফবির কমান্ডার মোহন বসুমাতারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন। এর পরপরই বিদ্রোহী সংগঠনটি ওই হত্যার প্রতিশোধ নিতে ২০ জন ভারতীয়কে হত্যার ঘোষণা দেয়।এনডিএফবি স্বাধীন বোরোল্যান্ডের দাবিতে অনেকদিন ধরেই যুদ্ধ চালিয়ে আসছে। সম্প্রতি ভারতীয় নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানের মুখে সংগঠনটি কোণঠাসা হয়ে পড়ে। এ বছরই দলটির চেয়ারম্যান রঞ্জন দাইমারি বাংলাদেশে গ্রেপ্তার হন এবং তাঁকে আসাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ২০০৮ সালে বোমা হামলায় ৮৭ জন নিহত হওয়ার ঘটনায় দাইমারি প্রধান অভিযুক্ত আসামি।