আসামে ব্যাপক সহিংসতা, নিহত ৩২
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের কোকড়াঝাড় জেলায় জাতিগত সহিংসতা ব্যাপক আকার ধারণ করছে। ধুবড়ি, কোকড়াঝাড়, চিরাং ও বনগাইগাঁও জেলায় পরিস্থিতি সামাল দিতে সেনাসদস্যদের ১৩টি দল টহল দিচ্ছে। গত শুক্রবার শুরু হওয়া এ সহিংসতায় ৩২ জন নিহত ও দেড় লাখ লোক গৃহহীন হওয়ার খবর পাওয়া গেছে।১৯ জুলাই কোকড়াঝাড় জেলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের হাতে খুন হয় চার বোড়ো আদিবাসী যুবক। এর প্রতিশোধ নিতে সশস্ত্র বোড়ো আদিবাসী লোকজন মুসলিমদের ওপর হামলা চালায়। এরপর শুরু হয় সহিংসতা। এ ঘটনায় পুলিশ কোকড়াঝাড় এলাকায় দাঙ্গাবাজদের দেখামাত্র গুলির নির্দেশ দেয়। জিনিউজ অনলাইন জানায়, ধুবড়ি, কোকড়াঝাড়, চিরাং ও বনগাইগাঁও জেলায় অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন (কারফিউ) জারি করা হলেও আজ সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোকড়াঝাড়ে তা শিথিল করা হয়।আসামের সাবেক মুখ্যমন্ত্রী ও বিরোধী দল অসম গণপরিষদের (এজিপি) প্রেসিডেন্ট প্রফুল্ল কুমার মহান্ত দাবি করেন, নজিরবিহীন এ জাতিগত সহিংসতা দমনে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন। কাল বৃহস্পতিবার এজিপির একটি তদন্তদল ঘটনাস্থল পরিদর্শন করবে। আসাম পুলিশের প্রধান জে এন চৌধুরীর বরাত দিয়ে বিবিসি জানায়, পরিস্থিতি উত্তপ্ত। তাই পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হয়েছে। এনডিটিভির অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গতকাল কোকড়াঝাড় জেলার গোসাইগাঁও এলাকায় গুয়াহাটিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে স্থানীয় লোকজন পাথর ছোড়ার পর থেকে আসামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলমন্ত্রী মুকুল রায় সাংবাদিকদের বলেন, ‘এটি গভীর উদ্বেগের বিষয়। আমি যাত্রীদের জন্য এবং ট্রেন চলাচলে আরও নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে কথা বলেছি।’