আসামে যাত্রীবাহী ট্রেনের ১৩ বগি লাইনচ্যুত, আহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যে গতকাল রোববার রাতে রেললাইনে চালানো নাশকতামূলক বিস্ফোরণের কারণে একটি ট্রেনের ১৩টি বাগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে চারটি বগি উল্টে গেছে। এতে আহত হয়েছে শতাধিক যাত্রী।আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ড (এনডিএফবি) গতকাল রাতেই এক বিবৃতিতে এ বিস্ফোরণের দায় স্বীকার করে।আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৬০ কিলোমিটার দূরে রঙ্গিয়া ও ঘাঘড়পাড় রেলস্টেশনের মাঝে বাতাকুশি গ্রামে গতকাল রাত আটটা ২০ মিনিটে গুয়াহাটি-পুরীগামী এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে শতাধিক ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। আহতদের গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামরূপের জেলা প্রশাসক এস কে রাই বলেছেন, রেললাইনে বিস্ফোরণের পরই ট্রেনের বগি লাইনচ্যুত হয় বলে তাঁর কাছে খবর আসে। গতকাল দুপুরে উত্তর প্রদেশে হাওড়া-কালকা মেল দুর্ঘটনায় পড়ার আট ঘণ্টার মাথায় আসামে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটল। কালকা মেল দুর্ঘটনায় সরকারিভাবে ৩৫ জন যাত্রীর মৃত্যু কথা বলা হয়েছে। তবে আজ সোমবার সকালে বেসরকারি সূত্র থেকে জানা গেছে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ২৮৫ জন। সেখানে এখনো উদ্ধারকাজ চলছে। ট্রেনের দুটি কামড়া দুমড়ে-মুচড়ে যাওয়ায় গ্যাসচালিত কাটার যন্ত্র দিয়ে ওই বগিতে আটকে থাকা হতাহতদের উদ্ধারের কাজ আবার আজ সকাল থেকে শুরু হয়েছে।