আসামে রাতভর সংঘর্ষ, নিহত ৪১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যে জাতিগত সহিংসতাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতভর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অনেকে। রাজ্যের লোকজনের মধ্যে আতঙ্ক বেড়েছে। বাড়িঘর ছেড়ে পালিয়েছে প্রায় দুই লাখ মানুষ। এক সপ্তাহ ধরে চলা এ সহিংসতায় এ পর্যন্ত ৪১ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার এনডিটিভির অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, সংখ্যালঘু অভিবাসী ও স্থানীয় বোড়ো আদিবাসী সম্প্রদায়ের মধ্যে গতকাল রাতে নতুন করে সহিংসতার ঘটনা ঘটে। বাকশা জেলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয় তিনজন। আসামের মুখ্যমন্ত্রী তরুণ গোগোইয়ের আজ কোকড়াঝাড়ে যাওয়ার কথা রয়েছে। এ ঘটনার পেছনে মূল উসকানিদাতাদের গ্রেপ্তার করতে কেন্দ্র থেকে আসাম সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। কোকড়াঝাড়, চিরাং, ধুবড়ি ও বনগাইগাঁও জেলায় ১৩ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এসব জেলায় এখনো কারফিউ জারি রয়েছে। দাঙ্গাবাজদের দেখামাত্র গুলির নির্দেশও বহাল রয়েছে।এ সহিংসতায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা বাড়ি ছেড়ে ১২০টি সরকারি শিবিরে আশ্রয় নিয়েছে। সহিংসতা শুরু হওয়ার পর ১০ হাজারের বেশি লোক পশ্চিমবঙ্গে পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।বাড়িঘর পুড়িয়ে দেওয়ায় লোকজন গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছে। যানবাহন ও শিক্ষাপ্রতিষ্ঠানেও হামলা চালাচ্ছে দাঙ্গাকারীরা। ট্রেনে হামলা চালানোর ঘটনায় আসামের সঙ্গে দুই দিন ধরে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে অসহায় যাত্রীদের কথা মাথায় রেখে আজ বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। এ কাজে সহযোগিতা করছে সেনাবাহিনী।দেশটির স্বরাষ্ট্রসচিব আর কে সিং জানান, গুয়াহাটিগামী ট্রেনটিসহ রেললাইনের নিরাপত্তায় দুই হাজার কেন্দ্রীয় নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।এ পরিস্থিতির উত্স খুঁজে বের করতে গতকাল তরুণ গোগোই গুয়াহাটিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেন। আসামের পুলিশপ্রধান জে এন চৌধুরী সংঘাতপূর্ণ জেলাগুলো পরিদর্শন করেন এবং সেখানকার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।১৯ জুলাই কোকড়াঝাড় জেলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের হাতে খুন হয় চার বোড়ো আদিবাসী যুবক। এর প্রতিশোধ নিতে সশস্ত্র বোড়ো আদিবাসী লোকজন মুসলিমদের ওপর হামলা চালায়। এরপর শুরু হয় জাতিগত সহিংসতা।