আসামে সহিংসতায় আরও পাঁচজনের মৃত্যু
আসামে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। আজ রোববার সেখানে আরও পাঁচজন মারা গেছেন। গত জুলাই থেকে এ পর্যন্ত ওই রাজ্যে চলা সহিংসতায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬১ জনে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক খবরে পুলিশ জানায়, চিরাং এলাকা থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের দেহে গুলির চিহ্ন ছিল। এদিকে কোকড়াজহার জেলা থেকে আরও দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন। চিরাংয়ের পুলিশ সুপার কুমার সঞ্জীব কৃষ্ণা বলেন, চিরাংয়ের কাওয়াতিকা গ্রামে গতকাল শনিবার বিকেল থেকে শরণার্থীশিবিরে দুই ছেলে ও তাঁদের বাবা নিখোঁজ ছিলেন। পরে আজ রোববার তাঁদের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।চিরাংয়ে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কোকড়াজহার ও চিরাংয়ে গতকাল রাত থেকে কারফিউ জারি করা হয়েছে। গত জুলাই থেকে আসামে জাতিগত সহিংসতা চলছিল। সহিংসতায় এ পর্যন্ত ৬১ জন মারা গেছেন।