আসামের গুয়াহাটি নারীনির্যাতন মামলার প্রধান আসামি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই সপ্তাহ পালিয়ে থাকার পর আজ সোমবার আসামের গুয়াহাটি নারীনির্যাতন মামলার প্রধান আসামি অমর জ্যোতি কলিতাকে আটক করেছে পুলিশ। উত্তর প্রদেশের বারানসী স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। বারানসী পুলিশের মহাপরিদর্শক বি পি সিং এ খবর নিশ্চিত করেছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গুয়াহাটির শিলং রোডে এক তরুণীর শ্লীলতাহানির ঘটনায় ১৭ জনকে চিহ্নিত করে মামলা দায়ের করা হয়েছিল। এখন পর্যন্ত আটক করা হয়েছে ১৪ জনকে। বি পি সিং বলেন, গুয়াহাটির পুলিশপ্রধান রাজ্য পুলিশকে বারানসীতে কলিতার উপস্থিতির খবরটি জানান। এরপর বারানসী পুলিশ তাঁকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করে। তিনি বলেন, গ্রেপ্তারের পর পুলিশ বিভিন্ন তথ্য যাচাই করে কলিতার পরিচয় সম্বন্ধে নিশ্চিত হয়। এর আগে রাজ্য সরকার কলিতার সন্ধানদাতার জন্য পুরস্কার হিসেবে এক লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছিল।উত্তর প্রদেশের পুলিশের মুখপাত্র জয়ন্ত নারায়ণ চৌধুরী বার্তা সংস্থা পিটিআইকে বলেন, প্রধান অভিযুক্ত কলিতাকে জেলহাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।বারানসী পুলিশ সূত্রে জানা গেছে, কলিতাকে বারানসী ক্যান্টনমেন্ট পুলিশের একটি বিশেষ দল জিজ্ঞাসাবাদ করছে। এ ছাড়া গ্রেপ্তারকৃতদের সাতজনকে বিচারিক হেফাজতে রাখা হয়েছে। শ্লীলতাহানির ঘটনাটি ভিডিও করায় পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে স্থানীয় একটি টেলিভিশনের ক্যামেরাম্যান গৌরব জ্যোতি নিয়োগীকে। ৯ জুলাই একটি পানশালা থেকে বেরিয়ে একদল উচ্ছৃঙ্খল জনতার হামলার শিকার হয় ১৭ বছর বয়সী ওই তরুণী। একজন টেলিভিশন সাংবাদিক নিপীড়নের ঘটনাটি ক্যামেরাবন্দী করেন। পরে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে এ ভিডিওটি। টেলিভিশন চ্যানেলে এ নিয়ে প্রতিবেদন প্রচারিত হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায় রাজ্যের বিভিন্ন মহলে।