আসামের জন্য ৫০০ কোটি রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বন্যাদুর্গত আসাম রাজ্যের জন্য ৫০০ কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজ সোমবার প্রধানমন্ত্রী মনমোহন ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হেলিকপ্টারে করে রাজ্যের বন্যাদুর্গত জোরহাট, ধেমাজি ও দক্ষিণ দিনাজপুর ঘুরে দেখেন। এরপর প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় রাজ্যটিতে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে প্রায় পাঁচ লাখ লোক। স্বজনহারা প্রত্যেক পরিবারকে এক লাখ রুপি করে দেওয়ার কথাও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।আসাম থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য মনমোহন বন্যার পানিতে আটকে পড়া দুর্গত লোকদের উদ্ধারের বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন। তিনি এসব মানুষকে উদ্ধার করে ত্রাণ সহায়তা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী জানান, জাতীয় দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত ন্যাশনাল ডিজাস্টার রেসপনস ফোর্সের ১৬টি দলের ৬৪০ জন সদস্য উদ্ধার তত্পরতা ও ত্রাণ বিতরণে অংশ নিয়েছে। সেনাবাহিনীর ৭৫২ জন সদস্যও এ উদ্ধারকাজে অংশ নিয়েছে।প্রধানমন্ত্রী মনমোহন জানান, বন্যাদুর্গত চার হাজার ব্যক্তিকে এর মধ্যে উদ্ধার করা হয়েছে। বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ওপর থেকে দুর্গত এলাকায় প্রায় ২০ টন ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।রাজ্যর বিভিন্ন স্থানে ৭৬৮টি ত্রাণশিবিরে চার লাখ ৮৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।প্রধানমন্ত্রী বলেন, রাজ্য সরকারের অধীনে খাবারের পর্যন্ত মজুদ রয়েছে। প্রয়োজনে কেন্দ্র থেকেও খাবার সরবরাহ করা হবে। তিনি বলেন, বন্যার কারণে যেসব রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, তা মেরামতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া হবে।