আসামের পরিস্থিতির উন্নতি হচ্ছে: মুখ্যমন্ত্রী
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, রাজ্যের সাম্প্রদায়িক সহিংসতা কমে পরিস্থিতির উন্নতি হচ্ছে। যদিও এ দাঙ্গায় এখন পর্যন্ত ৪৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। তরুণ গগৈ বলেন, ‘পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও উন্নতি হচ্ছে।’১৯ জুলাই কোকড়াঝাড় জেলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের হাতে খুন হয় চার বোড়ো আদিবাসী যুবক। এর প্রতিশোধ নিতে সশস্ত্র বোড়ো আদিবাসী লোকজন মুসলিমদের ওপর হামলা চালায়। এরপর শুরু হয় জাতিগত সহিংসতা। কয়েক দিনের এ সহিংসতায় বাড়িঘর ছেড়ে পালিয়েছে প্রায় দুই লাখ মানুষ।এ পরিস্থিতিতে কাল শনিবার আসামের সহিংসতার কেন্দ্রস্থল কোকড়াঝাড় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দূরদর্শন নিউজ এ তথ্য জানায়। এদিকে কোকড়াঝাড়ে এখনো বিক্ষিপ্ত সহিংসতা ঘটার পরও গগৈ বলেন, পরিস্থিতি শান্ত হয়ে আসছে। তিনি বলেন, ‘আসামে ২৮টি জেলার মধ্যে চারটি জেলায় গোলযোগ চলছে। এর মানে কি পুরো রাজ্যেই দাঙ্গা চলছে?’দাঙ্গায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত কোকড়াঝাড় জেলায় অনির্দিষ্টকালীন কারফিউ ও দাঙ্গাবাজদের দেখামাত্র গুলির নির্দেশ বহাল রয়েছে। শুধু এ জেলাতেই নিহত হয়েছে ২৫ জন। গোলযোগপূর্ণ অপর জেলা চিরাংয়ে রাত্রিকালীন কারফিউ বলবত্ রয়েছে।