আসামের সহিংসতা ছড়িয়ে পড়ছে নতুন এলাকায়
ভারতের আসাম রাজ্যের কোকড়াঝোড়ে শুরু হওয়া জাতিগত সহিংসতা নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইনের এক খবরে জানানো হয়, বাকশা, নলবাড়ি ও কামরুপ জেলায় এ সহিংসতা ঘটেছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।১৯ জুলাই কোকড়াঝোড় জেলায় অজ্ঞাত ব্যক্তিদের হাতে খুন হন চার বোড়ো আদিবাসী যুবক। এর প্রতিশোধ নিতে সশস্ত্র বোড়ো আদিবাসীরা মুসলমানদের ওপর হামলা চালায়। এরপর শুরু হয় জাতিগত সহিংসতা। সহিংসতা পাশের চিরাং ও ধুবরি জেলায়ও ছড়িয়ে পড়ে।গত বুধবার মধ্যরাতে বাকশা জেলার বোড়ো আদিবাসীদের কাওরবাহা গ্রামে একটি ন্যানো গাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে কামরুপ জেলার রানগিয়াতে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন ধরিয়ে দেওয়ার আগে দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা যাত্রীদের বাস থেকে নামিয়ে দেয়। এ ঘটনার পর রানগিয়াতে কারফিউ জারি করা হয়। পাশাপাশি অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও নলবাড়ি জেলায় ভাতখুরসি-কুয়াহাটি সড়কে একটি কাঠের সেতুতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, ‘এ ধরনের সহিংসতার ঘটনার মানে এ নয় যে পরিস্থিতি ভেঙে পড়েছে। বরং পরিস্থিতির উন্নতি হচ্ছে। এখন আমাদের কাজ হবে নতুন করে কোনো সহিংসতা ঘটতে না দেওয়া।’গগৈ বলেন, ‘সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে সরকারের প্রধান কাজ হবে শরণার্থী শিবিরে থাকা লোকজনকে পুনর্বাসিত করা। চার লাখ শরণার্থীর মধ্যে ইতিমধ্যে এক লাখ ৮৮ হাজার ১২২ জন তাদের ঘরে ফিরে গেছে। দুই লাখ ৯৯ হাজার ৫৪২ জন এখনো শিবিরে আছে। আমরা আশা করেছিলাম ১৫ আগস্টের মধ্যে সবাইকে পুনর্বাসন করা যাবে। তবে এখন মনে হচ্ছে আরও কিছুটা সময় লাগবে। ১০৪টি স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’ মুখ্যমন্ত্রী আজ শুক্রবার রাজ্যের সব রাজনৈতিক দলের এক বৈঠক ডেকেছেন। শিবিরে থাকা শরণার্থীদের মধ্যে বাড়ি ফেরার মনোবল ফিরিয়ে আনতে সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন গগৈ।