আসিতেছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুই হবিরে বড় সাহেব/ আমি হব বিবি/ মাঝে মাঝে তুই আমারে সিনেমা দেখাবি/ সিনেমারও কথা শুইনা ফুর্তি জাইগাছে/ ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে...’ কয়েক দশক আগের সিনেমার এ গানে ঢাকাই সিনেমা দেখার আকুতি প্রকাশ পেয়েছে। অথচ হালে হলবিমুখ হয়ে পড়েছে ঢাকাবাসী। ‘বাংলা সিনেমা মানুষ দেখে?’ ‘সিনেমা হলে যেয়ে ছবি দেখার পরিবেশ নাই’—এ রকম অনেক কথা শোনা যায় সুধী মহলে। ঈদ এলে কিন্তু নগরের অভিজাত-অনভিজাত সব প্রেক্ষাগৃহ ঠিকই দর্শকপূর্ণ থাকে। ঈদের ছুটিতে দর্শকদের অভ্যর্থনা জানাতে তাই ঢাকার হলগুলোয় ঢিমেতালে হলেও চলছে প্রস্তুতি।প্রদর্শকদের পাশপাশি নড়েচড়ে বসছেন পরিচালক-প্রযোজকেরাও। তাঁদের কল্যাণে ঈদে প্রেক্ষাগৃহে নামছে বড় বাজেটে, বড় তারকার একাধিক ছবি। সেসব ছবির কাটতি কেমন হবে, ‘ভালো সিনেমা মুক্তি পেলে এখনো দর্শক হুমড়ি খেয়ে পড়ে।’ বলছিলেন বলাকা সিনেপ্লেক্সের সুপারভাইজর মো. সেলিম।ঈদের ছুটিতে দর্শক আসার কথা মাথায় রেখে ঢাকার প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহেই টুকটাক সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে। বলাকা সিনেপ্লেক্স ও মধুমিতা সিনেমা হলের অন্দরমহলের সাজসজ্জার কাজও সারা হয়েছে। মধুমিতা সিনেমা হলে ঢুকতেই নাকে ভেসে এল বার্নিশ তেল আর নতুন রঙের গন্ধ। হলের দেয়ালজুড়ে সাঁটানো কাঠের শিল্পকর্মগুলোও চকচকে করা হয়েছে ঈদ উপলক্ষে। দোতলার সিলিংও পাচ্ছে আধুনিকতার ছোঁয়া। তাঁদের এই পুরো আয়োজনটাই ঈদের দর্শকদের উদ্দেশে বলে জানালেন মধুমিতা সিনেমা হলের কর্মকর্তা শাহাবুদ্দীন।ছোট ছোট তিনটি প্রেক্ষাগৃহের সমন্বয়ে সিনেপ্লেক্স আকারে সিনেমা প্রদর্শন করা স্টার সিনেপ্লেক্সের চাকচিক্য আর পরিবেশ নগরবাসীর অজানা নয়। নগরের বৃহত্তম শপিং মলের শরীরে বেড়ে ওঠা এই সিনেপ্লেক্সে ছবি দেখার জন্য পয়সাও খরচ করতে হয় বেশি। এ প্রসঙ্গে বাসাবোর বাসিন্দা ফরহাদের মত, ‘নগরের বেশির ভাগ সিনেমা হলের পরিবেশ ভালো নয়। আবার সব হলে ভালো ছবি দেখায়ও না। যেসব হলে আবার ভালো সিনেমা দেখায়, সেসব হলে টিকিটের দাম অনেক বেশি।’একটা সময় ঈদ আনন্দের প্রধান অনুষঙ্গ ছিল পরিবারের সবাই মিলে হলে যাওয়া। সেই সংস্কৃতি থেকে সরে এল কেন নাগরিক মধ্যবিত্তরা—এ প্রসঙ্গে একটি প্রেক্ষাগৃহের এক পরিচালক বলেন, ‘বিশ্বের বড় বড় শহরে উন্নত মানের প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে নাগরিকদের উৎসাহিত করা হয়। এমনকি পাশের দেশ ভারতে এখনো পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার চল আছে। বাংলাদেশে কয়েক বছর আগে অশ্লীলতার ধুয়ায় সিনেমা হলবিমুখ হয়েছে দর্শক। মধ্যবিত্ত দর্শক এখনো সেই অরুচি কাটিয়ে উঠতে পারেনি।’সারা বছর সিনেমা হলের দিকে পা না বাড়ালেও ঈদের ছুটিতে ঠিকই অনেকে প্রিয়জনকে নিয়ে সিনেমা হলমুখো হবেন। তাঁদের কথা ভেবে নগরের দেয়ালে দেয়ালে দেখা যাচ্ছে ঈদের ছবির পোস্টার। আবার ব্যানারও আছে কোথাও কোথাও। নাম্বার ওয়ান শাকিব খান, রিকশাওয়ালার ছেলে, অবুঝ বউ প্রভৃতি ছবি ঈদ মৌসুমে চলবে ঢাকার সিনেমা হলগুলোয়। ঈদের ছবির নাম আর নায়ক-নায়িকা নিয়ে যাঁরা ভাবছেন, তাঁদের উদ্দেশে এক পথচারী সেদিন বলছিলেন, ‘বলিউডে যদি শাহরুখ খানের নামে মাই নেম ইজ খান ছবি চলতে পারে, তাহলে ঢালিউডে শাকিব খানের নামে নাম্বার ওয়ান শাকিব খান কী দোষ করল?’হলের পরিবেশ আর ছবির গল্পে অনুরাগ না থাকলেও ঈদের ছুটির অবসরে ঢাকাই হলে সিনেমা দেখার অভিজ্ঞতা নেওয়া যায়, আর গুনগুনিয়ে গাওয়া চলে, ‘...চল যাই চল যাই বাংলা সিনেমা দেখি।’