আসিফ নজরুলকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।একটি টেলিভিশন চ্যানেলে টক শোতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাঁকে তলব করেছিলেন। গতকাল তাঁকে দাঁড় করিয়ে রাখা নিয়ে দীর্ঘ বিতর্ক হয়। প্রায় পৌনে এক ঘণ্টা তাঁকে দাঁড়িয়ে থাকতে হয়।পরে তাঁর পক্ষে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন দাখিল করা হলে আদালত তা মঞ্জুর করেন। আগামী ১৪ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।বেলা সাড়ে ১১টার দিকে শুনানির শুরুতে আদালত বলেন, ‘বিবাদী কোথায়? তাঁকে ডাকেন।’ ড. কামাল বলেন, ‘আমি বিবাদীর (আসিফ নজরুল) প্রতিনিধিত্ব করছি। তিনি আসবেন না।’ আদালত বলেন, ‘তাঁকে এখানে আসতে হবে। আমরা তাঁকে তলব করেছি।’ কামাল হোসেন বলেন, ‘তিনি এখানে আসবেন না। রিটের বিবাদীকে আদালতে দাঁড় করিয়ে রাখা যায় না।’আদালত বলেন, ‘তিনি কেবল রিট মামলার বিবাদী নন, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই আমরা তাঁকে তলব করেছি। তাঁকে আসতে বলেন, নয়তো আমরা আদালত অবমাননার রুল জারি করব।’ কামাল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে রুল ইস্যু করেন। আমরা আদালত পরিবর্তনের আবেদন করব।’ এ সময় অধ্যাপক আসিফ নজরুল এজলাসকক্ষে রাখা কাঠগড়ার কাছাকাছি এসে দাঁড়ান।ড. কামাল বলেন, ‘অবশ্যই সংবিধান অনুসরণ করতে হবে। কেউই সংবিধানের ঊর্ধ্বে নন। আপনি শপথ নিয়েছেন। আমরা শপথ নিইনি। তবে আমরা কিছু নিয়মের আলোকে চলি। আমি সংবিধানের ঊর্ধ্বে নই। আপনিও সংবিধানের ঊর্ধ্বে নন।’আদালত বলেন, ‘তাজউদ্দীনের (তাজউদ্দীন আহমদের নাতির) মামলায় পুলিশ কর্মকর্তাকে আপনি কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখার কথা বলেছিলেন। সরকারি দলের একজন সংসদ সদস্যকে আমরা এখানে দাঁড় করিয়ে রেখেছি। ক্ষমতাশালী সাবেক দুই প্রতিমন্ত্রীকেও এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমরা কোনো বৈষম্য করতে পারি না।’ড. কামাল বলেন, ‘আমি এ রকম কথা বলিনি। রিটে বাদী-বিবাদী সমান। বিবাদীকে দাঁড় করিয়ে রাখতে হলে বাদীকেও দাঁড় করিয়ে রাখতে হবে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আপনি একটি মনোভাব নিয়ে ফেলেছেন।’আদালত বলেন, ‘আমরা কোনো মনোভাব নিইনি। সুনির্দিষ্ট অভিযোগ থাকায় বিবাদীকে তলব করা হয়েছে। এ কারণে তাঁকে হাজির থাকতে হবে। এ মামলায় প্রখ্যাত আইনজীবীদের অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) নিয়োগ দেওয়া হয়েছে। আমরা তাঁদের বক্তব্য শুনব।’ড. কামাল বলেন, ‘উপমহাদেশের ১৫০ বছরের ইতিহাসে এভাবে রিটের বিবাদীকে দাঁড় করিয়ে রাখার নজির নেই।’আদালত বলেন, ‘আমার জানামতে একটি নজির আছে। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পাওয়ার একটা নিয়ম আছে। আপনারা একটি আবেদন নিয়ে আসেন। আমরা সেটা বিবেচনা করব।’দুপুর সাড়ে ১২টার দিকে আসিফ নজরুল আদালতকক্ষ ত্যাগ করেন। একপর্যায়ে আদালতে উপস্থিত অ্যামিকাস কিউরিদের একজন ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, ‘মত প্রকাশের অধিকারের জন্য আমি সারা জীবন লড়াই করেছি। আদালত মানুষের মত প্রকাশের পরিধি বাড়ানোয় ভূমিকা রেখেছেন।’মধ্যাহ্নবিরতির পর আদালতের কার্যক্রম শুরু হলে বেলা আড়াইটার দিকে আসিফ নজরুলের অব্যাহতির আবেদন করেন ড. কামাল হোসেন। আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।বেলা সাড়ে তিনটার দিকে রুল শুনানিতে অংশ নিয়ে কামাল হোসেন বিচারপতিকে উদ্দেশে করে বলেন, ‘আপনি অনেক ভালো কাজ করছেন। এই ভালো কাজের প্রতি আমাদের শ্রদ্ধার ঘাটতি নেই। কিন্তু এটা একটা রাষ্ট্রদ্রোহের বিষয়। রাষ্ট্রদ্রোহের মামলার জন্য সরকারের অনুমতির প্রয়োজন হয়। আমি মনে করি না, রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। যে রুল দেওয়া হয়েছে, এ ধরনের রুল আমি আমার জীবনে দেখিনি।’এ পর্যায়ে আদালত রুলের শব্দগত সংশোধন করার কথা বলেন।কামাল হোসেন বলেন, ‘একটি বাক্য নিয়ে রুল দেওয়া হয়েছে। কী অবস্থায় বলেছি, আদৌ বলেছি কি না, তা বিবেচনায় নেওয়া হয়নি। তবে আদালত যথার্থভাবে ওই অনুষ্ঠানের সিডি তলব করেছেন।’আদালত বলেন, ‘আমরা সবার বক্তব্য শুনব।’ এ পর্যায়ে ১৪ জুন পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত।আদালতে রিট আবেদনকারী মো. নওশের আলী মোল্লা উপস্থিত ছিলেন। আসিফ নজরুলের পক্ষে শাহ্দীন মালিক, সারা হোসেন, তানিম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।গত ১২ মার্চ বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের টক শোতে আসিফ নজরুল তৃতীয় শক্তি নিয়ে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে সুপ্রিম কোর্টের আইনজীবী নওশের আলী রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানির পর ১৫ মার্চ হাইকোর্ট রুল জারি করেন এবং তাঁকে তলব করেন। পরে ১৫ এপ্রিল শুনানির সময় এজলাসকক্ষে আসিফ নজরুলকে দাঁড় করিয়ে রাখা হয়। ওই দিন আদালত অ্যামিকাস কিউরি হিসেবে শীর্ষ কয়েকজন আইনজীবীর নাম ঘোষণা করেন।