আসিফ নজরুলের কক্ষে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুলের বিভাগীয় কার্যালয়ের কক্ষে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাতে প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম আযমের গ্রেপ্তারের খবরে টিএসসিতে আনন্দ মিছিল করছিল শিক্ষার্থীরা। পরে তারা ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করে। রাতে একদল শিক্ষার্থী স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে গিয়ে আসিফ নজরুলের ১০৮-নম্বর কক্ষটিতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে নিরাপত্তা কর্মীরা তাত্ক্ষণিক তা নিভিয়ে ফেলে। এতে কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে কথা বলেছিলেন আসিফ নজরুল। ওই ঘটনার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।জানতে চাইলে আসিফ নজরুল পৌনে ১১ টার দিকে মুঠোফোনে প্রথম আলো অনলাইনকে বলেন, আমি ঘটনাটা মাত্র শুনেছি। এনেক্স ভবনের নিরাপত্তা প্রহরীর মাধ্যমে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। এখনও বিস্তারিত কিছু জানি না।