প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান সংশোধনে বিশেষ কমিটির কথা উল্লেখ করে বলেছেন, জনগণের অধিকার সুরক্ষা করে সংবিধান সংশোধন করা হবে। কমিটিতে বিরোধী দলের সদস্য রাখার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘কমিটিতে মতামত দিন। আসুন, এমনভাবে সংবিধান সংশোধন করি, যাতে অসাংবিধানিক পথে আর কেউ ক্ষমতায় আসতে না পারে।’আগামী অধিবেশনে সংবিধান সংশোধন করার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য জনগণের অধিকার সংরক্ষণ করা। আশা করি, বিরোধী দল সংসদের আগামী অধিবেশনে উপস্থিত থেকে সংবিধান সংশোধনে ভূমিকা রাখবে।’আজ বৃহস্পতিবার সংসদের অষ্টম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাব এবং অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ অধিবেশনে সংসদে যোগ দেওয়ায় প্রধানমন্ত্রী বিরোধী দলকে ধন্যবাদ দেন। বিশেষ করে, বিরোধীদলীয় নেত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, এক দিনের জন্য হলেও তিনি সংসদে এসেছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ।বিরোধীদলীয় নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার না করার বিষয়ে বিরোধী সাংসদদের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মওদুদের বাসায় পাওয়া মদ নিয়ে মামলা প্রত্যাহার করা হয়েছে। তারেক জিয়ার নামে একটি চাঁদাবাজির মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা উদার। তারা ক্ষমতায় থাকতে আমাদের নামে মামলা দিয়েছিল। আর আমরা তাদের মামলা প্রত্যাহার করেছি। তবে উনাদের নামে খুন, ধর্ষণ, হত্যার মামলা তো আমরা প্রত্যাহার করতে পারব না।’বিরোধীদলীয় নারী সাংসদদের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, একাধিক নারী সাংসদ অশ্লীল বক্তব্য রেখেছেন। স্পিকার ধৈর্য দেখিয়েছেন। ইচ্ছা করলে তিনি সার্জেন্ট অ্যাট আর্মস ডাকতে পারেন। যে কাউকে সাময়িক বহিষ্কার করতে পারেন। সংসদে সবার শালীনতা বজায় রেখে কথা বলা উচিত বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।বিগত তত্ত্বাবধায়ক সরকারের বিচার না করার সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ইয়াজউদ্দিন জিয়া পরিষদের লোক। বিশ্বব্যাংকে চাকরি করা ফখরুদ্দীনকে বিএনপি গভর্নর করেছে। নয়জনকে ডিঙিয়ে মইনউদ্দিনকে সেনাপ্রধান করেছে বিএনপি সরকার। আমাদের কাছে বিচার চান কেন? তাঁরা মামলা করছেন না কেন? আমরা তো তাঁদের আনিনি। এঁরা তো তাঁদেরই সৃষ্টি। বরং আমরা নির্যাতিত।’