আসুন, এই শিশুদের পাশে দাঁড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার আজকের লেখা সেই সব শিশুর মা-বাবাদের নিয়ে, যাঁরা হয়তো ঈদ বা কোনো উৎসব-অনুষ্ঠান হওয়া মানেই নিজেদের গুটিয়ে নেন অন্যের চোখের আড়াল থেকে। এই শিশুদের আমরা জানি অটিস্টিক, সেরিব্রাল পলসি, বুদ্ধিগত দিক থেকে পিছিয়ে পড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নামে। আমাদের মনে রাখতে হবে, আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটি কিন্তু প্রথমে একটি শিশু, তারও আর দশটি শিশুর মতো আনন্দ-দুঃখ-হতাশা আছে। তাকে বুঝতে বা বোঝাতে সাহায্য করতে হবে। এই তো ঈদ চলে গেল! ঈদ মানেই অনাবিল আনন্দ। সেই আনন্দে উদ্বেলিত হয়ে আমরা নতুন জামাকাপড় কিনি, একে-অপরকে উপহার দিই। বেশির ভাগ ক্ষেত্রে যা হয় তা হলো, ওরা বুঝবে না ভেবে আমরা ওদের কোনোভাবেই জানাই না। কিন্তু আসলে তা নয়; ওরা বোঝে ঠিকই এবং তা ওদের মতো করেই। ওদের না বদলে আসুন আমরা নিজেরা নিজেদের বদলাই। ওদের অন্তত এক দিন কেনাকাটা করতে নিয়ে যাই, যেখানে ওদের পছন্দের জিনিস ওরা কিনতে পারবে। ঘরের চার দেয়ালে ওদের বন্দী করে না রেখে ওদের বুঝতে দিই, ওরাও সমাজের আর দশটা মানুষের মতো মানুষ; ওদেরও আছে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা।সে রকমই একটি শিশুর নাম ‘দুষ্টু’। দুষ্টু তার ঈদের জামা নিজে পছন্দ করে কিনতে গিয়েছিল বিপণিবিতানে। যত মানুষ তার পাশ দিয়ে যাচ্ছে, একটু থেমে তারপর এগোচ্ছে অথবা কেউ কেউ অবাক বিস্ময়ে অনেকক্ষণ কৌতূহলভরে তাকে দেখছে। এর একটাই কারণ, সে হুইল চেয়ারে বসে আছে। আমাদের দেশের মানুষ আজও জানে না, হুইল চেয়ারে বসে থাকা মানুষেরও অধিকার আছে একজন সুস্থ-স্বাভাবিক মানুষের মতো বেঁচে থাকার।আরেকটি ঘটনা অনন্ত-দূরন্তকে নিয়ে। অনন্ত-দূরন্ত অটিস্টিক যমজ বোন। তারা দোকানে গিয়েছিল চুলের রং কিনতে। দুই বোন পরস্পরের সঙ্গে কথা বলছে। সেই কথা তারা এবং তাদের মা ছাড়া কেউ বুঝতে পারছে না। দোকানদার জিজ্ঞেস করলেন, তারা কোন দেশ থেকে এসেছে। মা লোকলজ্জার ভয়ে সত্যি কথা বলতে পারেননি যে এই শিশু দুটি অটিস্টিক।ওপরের ঘটনা দুটো আমি এ কারণে উল্লেখ করলাম, লোকলজ্জার ভয়ে আমাদের আর ঘরের কোণে বসে থাকা উচিত হবে না। আমাদের যাঁদের ঘরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু আছে, তাঁদের উচিত শিশুগুলোকে সমাজের মূলধারায় নিয়ে আসা। আমাদের শিশু আমাদেরই। সমাজে তাদের জায়গা আমাদেরই তৈরি করে দিতে হবে। আসুন, আমরা সবাই তাদের পাশে এসে দাঁড়াই। তাদের প্রতি বাড়িয়ে দিই সহযোগিতা ও সহমর্মিতার হাত।পরিচালক, তরী ফাউন্ডেশন