আসুন, ছোট্ট তানহাকে বাঁচাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক থেকে আমি প্রথম তানহা সম্পর্কে জানতে পারি। আমার ফ্রেন্ডলিস্টে ওর আন্টি বিলকিসের নামটি ছিল। সেখান থেকে আসা তানহাকে নিয়ে বিলকিসের অন্য বন্ধুদের আপডেট এবং মন্তব্যগুলো পড়তাম। আমি জানতে পারি, ছোট্ট তানহা তিন বছর বয়স থেকেই ব্লাড ক্যানসারে ভুগছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক আফিকুল ইসলামের চিকিৎসাধীন রয়েছে। আমি আতিয়াকে মেসেজ পাঠিয়ে অনুরোধ করি, তিনি যেন আমাকে কল করেন। আতিয়া যোগাযোগ করলে আমি তানহার সামগ্রিক অবস্থা সম্পর্কে জানতে পারি, আমি তাঁকে জিজ্ঞেস করি, আমি কোনো সাহায্য করতে পারি কি না।তিনি তানহার মেডিকেল রিপোর্ট নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তাব দেন, যাতে আমি তার চিকিৎসা-প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা পেতে পারি। আতিয়া পরদিনই তাঁর স্বামী আর তানহাকে নিয়ে আমার সঙ্গে দেখা করেন। তুলতুলে গাল আর দুষ্টু চাহনি দেখে বোঝারই উপায় নেই যে এই মিষ্টি মায়াকাড়া শিশুটি দেড় বছর ধরে ক্যানসারে ভুগছে। সে যখন কাছে এসে জড়িয়ে ধরে আমাকে চুমো খেয়ে ফিসফিসিয়ে বলল, ‘তুমি কী সুন্দর, আমি তোমার মতো সুন্দর হতে চাই। তুমি কি আমাকে তোমার মতো মেকআপ দিয়ে দেবে?’ আমি চোখের পানি কোনোমতে সামলেছি। আমি তাকে জানিয়েছিলাম, মেকআপ নেওয়ার জন্য তাকে ১৮ পেরোতে হবে। তানহার বয়স মোটে সাড়ে চার, ১৮ হতে তার ঢের সময় বাকি। তার মা নাহিদ জাবেদ একজন সাধারণ গৃহবধূ। তার বাবা হেপাটাইটিস-সিতে ভুগছেন বলে কাজ করতে পারেন না। তিনি নিজেই বর্তমানে চিকিৎসাধীন আছেন। তাই তানহা ও তার বাবার পুরো চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তানহার আন্টি আতিয়া বিলকিস ও তাঁর স্বামী। তাঁরা দুই বছর ধরে কোনোমতে তানহার কেমোথেরাপিসহ চিকিৎসার খরচ চালিয়েছেন কিন্তু বর্তমানে বাড়তি চিকিৎসার খরচ চালানো তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকেরা তাকে রোগমুক্ত ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত চিকিৎসা অব্যাহত রাখতে হবে। সেটা কোনো কারণে থেমে গেলে বিপজ্জনক হতে পারে। এযাবৎ কেমোথেরাপি প্রয়োগে তানহার কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া হয়নি। চিকিৎসকেরা আশাবাদী, যদি তানহার চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ সম্ভব হয়, তাহলে সে সুস্থ হয়ে উঠবে।আমি নাশরা বিনতে মাহমুদ ওরফে তানহার জন্য দোয়া করছি, আর আশা করছি, যাঁরা এই আবেদনটি পড়ছেন, তাঁরা শুধু দোয়া নয়, তার জীবন রক্ষার জন্য উদারহস্তে দান করবেন।১৯৭৬ সালে আমার বোন দিনা লায়লার ব্লাড ক্যানসার ধরা পড়ে। টানা ছয় মাস লন্ডনে তাঁর চিকিৎসার পরও ওই বছরের ২৭ ডিসেম্বর মাত্র ২৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। পৃথিবীতে রেখে যায় পাঁচ বছরের একমাত্র ছেলে নাজিবকে। তখনকার প্রযুক্তি ও চিকিৎসাপদ্ধতি আজকের মতো এতটা উন্নত ছিল না। এখন নতুন নতুন ওষুধ বেরিয়েছে, বেড়েছে জীবন ও মৃত্যুর মাঝেও দূরত্ব।তাঁর মৃত্যুর পর আমি ছয়টি কনসার্ট করেছিলাম। সেখান থেকে সমুদয় আয়ের অর্থ আমি দিনার স্মরণে ঢাকা শিশু হাসপাতালে মৃত্যুপথযাত্রী শিশুদের জন্য একটি বিশেষ ওয়ার্ড প্রতিষ্ঠায় দান করেছিলাম।ক্যানসারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল মনে রেখেই বলতে চাই, আপনি যতটুকুই দান করতে চান বা পারেন, তা-ই তানহা বা তার মতো অন্যান্য শিশুর চিকিৎসায় কাজে আসবে। আসুন, আজই তার সূচনা হোক।আমি তার ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছি, যাতে তারা চিকিৎসা চালিয়ে যেতে পারে। কারণ, এই চিকিৎসা অত্যন্ত ব্যয়সাধ্য। যাঁরা এই আবেদন পড়ছেন, তাঁদের সবার প্রতি আমার আকুল আবেদন, আসুন, আমরা ছোট্ট তানহাকে বাঁচাই। তানহার নামের অর্থ—নিঃসঙ্গ। আমি তাকে নিঃসঙ্গ বলতে চাই না। তাকে নিশ্চয়তা দিতে চাই যে, আমরা সবাই তার পাশে আছি। সাহায্য পাঠানোর ঠিকানা: নাহিদ জাবেদ, সঞ্চয়ী হিসাব নম্বর ৫৬৯৯৭, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), কারওয়ান বাজার শাখা, ঢাকা।