আসুন, ঢাকাকে বদলে দিই
আমি একজন ঢাকাইয়্যা, নিজেকে ‘কুট্টি’ বলে পরিচয় দিতেও আপত্তি নেই। পুরান ঢাকার বংশাল রোডে জীবনের প্রায় ৩০টি বছর কাটিয়েছি। সেই পঞ্চাশের দশকের শুরুতে পড়েছি মালিটোলার প্রাথমিক বিদ্যালয়ে। তারপর নবাবপুর গভর্নমেন্ট হাইস্কুলে। তারপর ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন সবে গড়ে উঠছে গুলিস্তান এলাকা।১৯৪৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জীবনের প্রায় পুরো সময় কেটেছে পুরান ঢাকায়, সত্যিকারের ঢাকায়। ঘুরেছি অলিগলিতে, রাস্তায় রাস্তায়। মনে পড়ে, বাষট্টি থেকে ঊনসত্তরের ছাত্র ও গণ-আন্দোলনের কত না মিছিলে দৃপ্ত পদক্ষেপে হেঁটে গেছি নবাবপুর, জনসন রোড, ইসলামপুর আর চকবাজার হয়ে নাজিমউদ্দীন রোডের কেন্দ্রীয় কারাগার প্রকম্পিত করে কেন্দ্রীয় শহীদ মিনারে।২০-৩০ বছর আগে যখন প্রথম গুলশান-বারিধারায় যেতে শুরু করি, তখন আমি বিস্মিত হয়ে পড়ি। এ রকম অদ্ভুত বাহারের বাড়িঘর, বৃহৎ অট্টালিকা আর বিপুল ব্যয়বহুল কমপ্লেক্স কল্পনাও করতে পারিনি এই ঢাকায়। তারপর কলকাতা, দিল্লি বা করাচি, লাহোর, আর কলম্বো—যেখানেই গেছি, একটু মিলিয়ে দেখার চেষ্টা করেছি। এমন ব্যয়বহুল বিশাল অট্টালিকা খুব কমই দেখেছি। এসব বাড়ির মালিক কারা? মন্ত্রী, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক আমলা, ভূমিদস্যু ব্যবসায়ী। আর, দখল চলেছে সর্বত্র। আমরা বিস্মিত হই না। বিগত কয়েক দশকে তো তাঁরাই প্রভুত্ব করছেন আমাদের ওপর। ভবিষ্যতেও করবেন।ঢাকার প্রতি ভালোবাসা থেকে পুরান ঢাকা, ঢাকার অতীত নিয়ে কোনো বই পেলেই পড়ে দেখি। একজন ‘ঢাকাইয়্যা’ হিসেবে আমি সম্প্রতি যখন কোনো কাজে, অন্য কোনো প্রয়োজনে কলকাতা, দিল্লি কিংবা অন্য কোথাও গিয়েছি, খেয়াল করেছি ওসব শহরের পরিবেশ, বাসাবাড়ি, যোগাযোগব্যবস্থা, পার্ক-মাঠ আর সবুজ প্রকৃতির অব্যাহত অগ্রগতি। এসব দেখে দেখে বারবার ঢাকার কথা মনে পড়ে যায়। ঢাকার ভয়াবহ যানজট, শব্দদূষণ, সর্বত্র জঞ্জালের কথা ভেবে ভেবে কষ্ট পাই। বেদনায় মন ভরে যায়।মনে পড়ে, ১৯৯৩ সালে যখন প্রথম সিঙ্গাপুরে যাই। ফেরার রাতে যখন হোটেল থেকে বিমানবন্দরে আসছি, তখন ঢাকার কথা মনে করে ভীষণ কষ্ট পেয়েছিলাম। একটা শহরকে কত সুন্দর করে সাজিয়েছে ওরা। ওদের রাস্তা কত প্রশস্ত। আর যেদিকে তাকানো যায়, শুধু সবুজ আর সবুজ, কী নিয়মশৃঙ্খলা! এমন শহরে হাঁটতেই ভালো লাগে। ঢাকায় হেঁটে কোথাও যেতে পারবেন না। আর, আমরা দিন দিন আমাদের প্রিয় ঢাকাকে বসবাসের অনুপযোগী করে তুলছি। জনসংখ্যার ভারে দিন দিন ন্যুব্জ হয়ে পড়ছে ঢাকা। বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় জনসংখ্যা ৮৫ লাখ। মেগা সিটি হিসেবে নারায়ণগঞ্জ-সাভারসহ প্রায় দেড় কোটি। (সূত্র: পরিসংখ্যান ব্যুরো ও ডিসিসি)।বস্তিবাসীর সংখ্যা প্রায় ৩৬ লাখ। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার ৩৩ জন মানুষ ঢাকায় আসে।ঢাকার শব্দদূষণও সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। পরিবেশ অধিদপ্তরের সর্বশেষ জরিপ অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ এলাকাতেই ৪৫ ডেসিবেলের স্থলে মাত্রা ছিল ৬৫।জনসংখ্যা, যানবাহন, শব্দদূষণ, যানজট, ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বন্দিজীবন, পয়োনিষ্কাশনের করুণ পরিস্থিতি, একটু বৃষ্টিতে রাস্তায় পানি জমে যাওয়া প্রভৃতি সমস্যা ঢাকাকে করে তুলেছে বিপর্যস্ত এক নগর।বিশ্বের অন্য শহরগুলো অব্যাহতভাবে সুন্দর হচ্ছে। আমাদের কাছের কলকাতা কত পরিকল্পিতভাবে বেড়ে উঠছে। ঢাকা হচ্ছে অসহনীয়, বসবাসের প্রায় অনুপযোগী হয়ে পড়ছে।বিগত কয়েক দশকে ঢাকাকে বারবার ‘তিলোত্তমা’ নগর হিসেবে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে। নতুন কোনো সরকার ক্ষমতায় এলেই ঢাকার উন্নতির আশ্বাস দেয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সবকিছু আগের মতোই থেকে যায়। আরও খারাপ হয়।এভাবে ঢাকাকে ঘিরে আমাদের দুঃখ, হতাশা বাড়তে থাকে। তার পরও প্রথম আলোর ঢাকার ৪০০ বছরের আজকের (রোববার, ৩১ জুলাই, ২০১১) বিশেষ সংখ্যায় যখন কয়েকজন তরুণ প্রকৌশলী, স্থপতি, নগর পরিকল্পনাবিদ সম্ভাবনার কথা শোনান, তখন আমরা আশান্বিত হই। আজকের সংখ্যায় প্রকাশিত লেখাগুলো আমাদের প্রত্যাশিত ভবিষ্যতের সেই ঢাকাকে ঘিরে, যে ঢাকা হবে আমাদের মনের মতো, প্রিয় এক ঢাকা। আর, এই কাজগুলো আমাদের নিজেদেরই করতে হবে; কেউ করে দেবে না। নতুন প্রজন্মের জন্য, ভবিষ্যৎ বংশধরদের জন্য রাজধানী ঢাকাকে সুপরিকল্পিতভাবে রাজধানী শহর হিসেবে গড়ে তুলতে হবে, বাসযোগ্য করতে হবে। এমনটা করা সম্ভব হলে শুধু ঢাকা নয়, বাংলাদেশকেই সুন্দর করে গড়ে তোলা সম্ভব।চোখের সামনে প্রিয় ঢাকার ধ্বংসোন্মুখ অবস্থা বা নষ্ট হয়ে যাওয়া মেনে নেওয়া যায় না। আসুন, প্রিয় এই শহরকে রক্ষায় আমরা সবাই একযোগে কাজ করি। নীতিনির্ধারক মহল থেকে শুরু করে আমরা সবাই ভবিষ্যতের রাজধানী হিসেবে ঢাকাকে নিরাপদ নগরের যোগ্য করি, প্রিয় ঢাকাকে সত্যিকারের আধুনিক নগর হিসেবে গড়ে তুলি। ঢাকা বাঁচলে বাংলাদেশ বাঁচবে।মতিউর রহমান: সম্পাদক, প্রথম আলো।